Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মলানদিঘিতে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে পঞ্চায়েত প্রধানকে হুমকির অভিযোগ

মলানদিঘিতে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে পঞ্চায়েত প্রধানকে হুমকির অভিযোগ
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানকর: কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের রাঢ়েশ্বর শিব মন্দিরে মাকুরী সপ্তমীর মেলা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে মেলার উদ্বোধন হয়। কিন্তু সেই মেলায় তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি এবং কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য তাঁকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন ওই পঞ্চায়েতের প্রধান পাকুমণি সোরেন। এই ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে ভবানী ভট্টাচার্য বলেন, হুমকি দেওয়া হয়নি। আসলে পঞ্চায়েত আইন অনুযায়ী মেলা পঞ্চায়েত সমিতির এক্তিয়ারে থাকে। আইন অনুযায়ী চলছি। ওখানে পঞ্চায়েত দায়িত্ব পালন করছে। আমরা সঙ্গে রয়েছি। পঞ্চায়েত সমিতির সমস্ত প্রধান, উপপ্রধানদের নিমন্ত্রণ করা হয়েছিল।   
Advertisement
সংবাদ মাধ্যমের সামনে এদিন প্রধান বলেন, মেলা পঞ্চায়েত থেকেই হতো। আগের বারও আমরাই চালিয়েছিলাম। এবার মেলা নিয়ে বৈঠকের সময়ে ভবানীবাবু মেলা নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন। আমি অনেকবার মেলা নিয়ে বৈঠক ডাকলেও কেউ আসেনি। শুনেছি কার্ডে আমার নাম আছে। কিন্তু কেউ আমাকে ডাকেনি। কিন্তু এই এলাকা আমার। মেলা কার অনুমতি নিয়ে হচ্ছে তাও জানি না। মেলায় কোনও দুর্ঘটনা ঘটলে আমি প্রশাসনকে কী জবাব দেব। উল্লেখ্য, মঙ্গলবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য, উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। যদিও বিশ্বরূপবাবু বলেন, প্রধানের এই বক্তব্য অযৌক্তিক। তিনিই এলাকার অভিভাবক। উদ্বোধনের দিন সোশ্যাল অডিট নিয়ে বিশেষ গ্রামসভা ছিল। কাঁকসা ব্লকের অন্যান্য প্রধানদের মতো তিনিও ব্যস্ত ছিলেন। যদিও এই ঘটনায় বিজেপি নেতা রমন শর্মা অভিযোগ করে বলেন, আমন্ত্রণ পত্রে প্রধানের নাম রয়েছে। তাঁর জায়গাতেই মেলা হচ্ছে। অথচ তাঁকে কেউ আমন্ত্রণ জানাননি। দলের মানসিকতাকে ধিক্কার জানাই। তবে জেলা তৃণমূল সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, প্রতি বছর ওখানে মেলা হয়। মেলা কমিটি আছে। প্রধানের কিছু বক্তব্য থাকলে তা ব্লক সভাপতিকে বললেই হতো। অযথা বিতর্ক করে লাভ নেই। তিনি জানান, ২০২৬ সালে নির্বাচন। দলের নির্দেশ মেনে চলুন।
Advertisement
সম্পর্কিত সংবাদ