সংবাদদাতা, রামপুরহাট: সোমবার মল্লারপুরের বীরচন্দ্রপুরে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান নিতাই বাড়িতে ৫৫২ তম জন্মোৎসবে পালিত হল মহাসমারোহে। এই উপলক্ষ্যে দেশ বিদেশ থেকে কয়েকহাজার বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষ হাজির হয়েছিলেন। খেলনা, বেলুন, নানারঙের ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল নিত্যানন্দর আঁতুরঘর ও আশ্রম চত্বর। সকাল থেকে অমৃত অভিষেক, লীলা কীর্ত্তন, বস্ত্রদান, স্বাস্থ্য শিবির প্রভৃতি সেবামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। বিভিন্ন চৈতন্য পরিকর মঠের গোস্বামীরা ও বৈষ্ণব ধর্মাবলম্বী হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। সকলের মধ্যে অন্নভোগ বিতরণ করা হয়। এই জন্মোৎসব উপলক্ষ্যে পাঁচদিন ধরে কীর্তন সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন নিতাই বাড়ি কর্তৃপক্ষ। মঠের অধ্যক্ষ নরোত্তম দাস বলেন, আজ নিত্যানন্দ জন্মমহোৎসবে সবার সেবায় নিয়োজিত ছিলাম আমরা।



