Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সেতু ভাঙলেও সোচ্চার হননি পদ্ম বিধায়ক বরেণচন্দ্র, তোপ উদয়নের

সেতু ভাঙলেও সোচ্চার হননি পদ্ম বিধায়ক বরেণচন্দ্র, তোপ উদয়নের
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শীতলকুচি: কাছারির ঘাটে সেতু ভেঙে পড়লেও এই ইস্যুতে কখনও সরব হননি বিজেপি বিধায়ক বরেণচন্দ্র বর্মন। সেই সেতুর সূচনায় শীতলকুচিতে এসে বিজেপি বিধায়ককে বিঁধলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।  রবিবার  শীতলকুচি ব্লকের গোঁসাইরহাট পঞ্চায়েতের কাছারির ঘাটে সেতু নির্মাণের কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তপনকুমার গুহ, পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন সহ অন্যরা। 

Advertisement

এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, এলাকায় সেতু ভাঙলেও বিজেপি বিধায়ক একদিনও সেকথা উচ্চবাচ্য করেননি। ভোট আসলেই ধর্মের নামে সুড়সুড়ি দেন বিজেপি বিধায়করা। বিধানসভায় তাদের একটাই কাজ উত্তরবঙ্গ বঞ্চিত’ এই কথা বলা। কিন্তু, মানুষের সমস্যা সমাধানের উদ্যোগ তাঁরা নেন না।
যদিও এই প্রসঙ্গে বিজেপি বিধায়কের মন্তব্য না পাওয়া গেলেও বিজেপির শীতলকুচি বিধানসভার কো-কনভেনর কনকচন্দ্র বর্মন বলেন, সবকিছুতেই বিজেপির উপর দায় চাপানো তৃণমূল কংগ্রেস নেতাদের স্বভাব। বিজেপি বিধায়করা কাজের পরিকল্পনা নিলে সেই প্রজেক্ট পাশ হয় না। মন্ত্রী ভিত্তিহীন অভিযোগ করছেন।
গতবছর অক্টোবর মাসে পাথর বোঝাই ডাম্পারের ভারে কাছারির ঘাটে সেতু ভেঙে পড়ে। এরফলে গোঁসাইরহাট ও ভাঐরথানা পঞ্চায়েতের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভোগান্তিতে পড়েন ভাঐরথানা, ছোট সালবাড়ি  ও গোঁসাইরহাট পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। ভেঙে যাওয়ার ছয় মাসের মধ্যে নতুন সেতুর কাজ শুরু হওয়ায় খুশি বাসিন্দারা। 
স্থানীয় প্রদীপ বর্মন জানান, দ্রুত সেতু নির্মানের দাবি পূরণ হল। এজন্য রাজ্য সরকার ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে ধন্যবাদ। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ জানান, ২ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে সেতুটি তৈরি হবে। দ্রুত সেতু নির্মাণ সম্পন্ন হবে। এরফলে তিনটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা উপকৃত হবেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ