Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মূল রাস্তায় কাজ শেষ, অলিগলিতে রান্নার গ্যাসের পাইপলাইন বসানো শুরু হবে শীঘ্র

মূল রাস্তায় কাজ শেষ, অলিগলিতে রান্নার গ্যাসের পাইপলাইন বসানো শুরু হবে শীঘ্র
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজপুর সোনারপুর পুরসভা এলাকার মূল রাস্তাগুলিতে রান্নার গ্যাস সরবরাহের মেইন পাইপলাইন বসানোর কাজ শেষ হয়েছে। এবার দ্বিতীয় দফায় অলিগলিতে পাইপলাইন বসানোর কাজ শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে। আপাতত গড়িয়া মহামায়াতলা এলাকায় এই কাজের জন্য ছাড়পত্র পেয়েছে বেঙ্গল গ্যাস কোম্পানি। বারুইপুর শহরেও গ্যাস সরবরাহ করতে পাইপ বসানোর কাজ শুরু হয়েছে বলে খবর। আপাতত বারুইপুর স্টেশনের রেলব্রিজের আগে  পর্যন্ত কাজের অনুমতি পেয়েছে সংশ্লিষ্ট সংস্থা। কিন্তু প্রশ্ন হল, কবে থেকে বাড়ি বাড়ি রান্নার গ্যাস সরবরাহ শুরু হবে? 
Advertisement
জানা গিয়েছে, নদীয়ার গয়েশপুর থেকে এই গ্যাস আসবে পাইপলাইনের মাধ্যমে। সেখান থেকে পাইপলাইন আনার কাজ শেষ পর্যায়ে। কিন্তু এয়ারপোর্টের কাছে যশোর রোডে রাস্তা খোঁড়াখুড়ির ছাড়পত্র এখনও পায়নি গ্যাস কোম্পানি। তাই সরবরাহের দিনক্ষণ এখনও কিছু বলতে পারছে না তারা। তবে তার আগে যেসব জায়গায় কাজের অনুমতি মিলেছে, সেখানে পাইপলাইন বসানোর কাজ শেষ করে রাখতে চাইছে তারা। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকরা এই গ্যাসের সংযোগ নিলে তাঁদের জ্বালানির খরচ কম হবে। কে কতটা গ্যাস ব্যবহার করছে, তার জন্য বাড়িতে মিটার বসবে। দু’মাস অন্তর বিল আসবে। একটি সিলিন্ডারের যা দাম, বিল তার থেকে কম আসতে পারে। পাড়ায় পাড়ায় পাইপ বসানোর কাজ শুরু হওয়ার পর এই গ্যাস লাইনের সংযোগ নেওয়ার জন্য প্রচারও করা হবে বলে জানিয়েছেন কোম্পানির এক আধিকারিক। তবে কাউকে এর জন্য চাপ দেওয়া বা জোর করা হবে না। এদিকে, ভাঙড়ের দিকেও এভাবে রান্নার গ্যাসের পাইপলাইন বসানোর কাজ শুরু করেছে এইচপিসিএল।
সম্পর্কিত সংবাদ