সংবাদদাতা, বনগাঁ: মোটা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছে ১২ জনকে। এই অভিযোগে মঙ্গলবার রাতে বনগাঁ থানার পুলিস একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম শহিদুল মণ্ডল। ঘটনায় মূল অভিযুক্ত আশাদুলের ভাই সে। বুধবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দেন। প্রায় দু’বছর আগে বনগাঁ থানার বাগানগ্রামের বাসিন্দা আশাদুল মণ্ডল ওই গ্রামেরই ন’জন সহ ১২ জনকে মালয়েশিয়া নিয়ে যান। সেখানে রাজমিস্ত্রির কাজে মোটা বেতন দেওয়ার প্রলোভন দেখান তিনি। এজন্য প্রত্যেকের কাছ থেকে ৩ লক্ষ ৪০ হাজার টাকা করেও নেন আশাদুল। কিন্তু অভিযোগ, ওদেশে নিয়ে গিয়ে কাউকে কোনও কাজ দিতে পারেননি তিনি। সেদেশে তাঁদের আটকে রাখা হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের। পুলিস সূত্রে জানা গিয়েছে, আশাদুল দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে আছেন। দাদা আশাদুলের কথা মতো ধৃত শহিদুল গ্রামের বাসিন্দাদের কাছ থেকে টাকা সংগ্রহ করেছিলেন।



