Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মিল মালিকের কাছে টাকা চেয়ে ভাইস চেয়ারম্যানের পুরনো চিঠি ঘিরে বিতর্ক

মিল মালিকের কাছে টাকা চেয়ে ভাইস চেয়ারম্যানের পুরনো চিঠি ঘিরে বিতর্ক
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রিষড়া পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা জাহিদ হাসান খানের স্বাক্ষরিত একটি চিঠি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। পুরনো ওই চিঠিতে একটি অনুষ্ঠানের জন্য মিল মালিকের কাছে টাকার দাবি করা হয়েছিল। ভাইরাল চিঠি ঘিরে শাসকদলের অন্দরে ও বাইরে তরজা শুরু হয়েছে। চিঠির সত্যাসত্য যাচাই করা যায়নি। তবে জাহিদ হাসান খান চিঠিটিকে ‘ফেক’ বলে দাবি করেছেন। হুগলি তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বও জাহিদের পাশে দাঁড়িয়েছে। আর ওই নেতা নিজে দলেরই অন্য এক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ তুলেছেন।
Advertisement
তৃণমূলের হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুঁইন বলেন, জাহিদ হাসান খান জনপ্রিয় নেতা। তাঁর ভাবমূর্তি নষ্ট করতে বিজেপি আইটি সেল চক্রান্ত করছে। কম্পিউটারে জাল চিঠি তৈরি করে বাজার গরম করতে চাইছে। 
জাহিদ বলেন, আমি কারও কাছে কখনও টাকা নিইনি। পুরসভার লেটার প্যাডে চিঠি লিখে টাকা চাওয়ার প্রশ্নই নেই। আমি নিজের ক্ষমতায় যতটুকু পারি বিভিন্ন উৎসব অনুষ্ঠানে মানুষের পাশে থাকি। আমার দলেরই কেউ চক্রান্ত করছে। তাঁদের সঙ্গে বিরোধীদের ঘনিষ্ঠ যোগ বারবার প্রমাণ হয়েছে। জাহিদ সরাসরি না বললেও ইঙ্গিত করেছেন তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর নেতা সাকির আলির দিকে। যিনি আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী। সাকির আলি বলেন, গোটাটাই দলীয় তদন্তের বিষয়। আমি কোনও মন্তব্য করতে চাই না। তবে পরিকল্পিতভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হলে, পদক্ষেপ করতে হবে।
সম্পর্কিত সংবাদ