সংবাদদাতা, কাকদ্বীপ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে মুক্তি পেতে চলেছে ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। জানা গিয়েছে, ভারতীয় মৎস্যজীবীদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছিল, তা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। এমনকী এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই ভারতীয় মৎস্যজীবী সংগঠনগুলির কাছে এসে পৌঁছেছে। এই খবর আসামাত্র খুশির হাওয়া কাকদ্বীপের মৎস্যজীবী মহলে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় মৎস্যজীবীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছিলেন। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে লিখিতভাবে জানানো হয়েছিল। তারপর চাপে পড়ে বাংলাদেশ সরকার ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীর উপর থেকে সমস্ত মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রীর অনুরোধেই ভারতে সরকার আটক বাংলাদেশি মৎস্যজীবীদের দেশে ফেরানোর প্রস্তুতি নিয়েছিল। এরপরই চাপে পড়ে বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।



