Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মুখ্যমন্ত্রীর ৩২টি গান নিয়ে  বিশেষ কনসার্ট রাজডাঙায়

মুখ্যমন্ত্রীর ৩২টি গান নিয়ে  বিশেষ কনসার্ট রাজডাঙায়
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা গান নিয়ে বিশেষ কনসার্টের আয়োজন হতে চলেছে কসবায়। আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে ওই বিশেষ গানের আসর বসবে কসবার রাজডাঙা খেলার মাঠে। এই বিশেষ কনসার্টের মূল উদ্যোক্তা কলকাতা পুরসভার ১২ নম্বর বরোর চেয়ারম্যান সুশান্তকুমার ঘোষ (স্বরূপ)। ওই দিনই মমতার ৩২টি গান পরিবেশন করবেন বিভিন্ন শিল্পী। মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা গানগুলি বিভিন্ন সময়ে জনপ্রিয় হয়েছে। ইউটিউবে দর্শক সংখ্যা মিলিয়ন ছাড়িয়েছে। বিশেষ করে দুর্গাপুজোর সময় ওইসব গান বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। কোনও কোনও গান প্ল্যাটিনাম ডিস্ক, গোল্ডেন ডিস্কও পেয়েছে। কিন্তু, কখনও সেইসব গান পুজো কিংবা বিশেষ অনুষ্ঠান ছাড়া শোনার সুযোগ পান না আম জনতা। এবার সেই সুযোগ করে দিয়েছেন সুশান্ত। ১২ জানুয়ারি বিবেকানন্দর জন্মদিন উপলক্ষ্যে রাজ্য সরকার যুব দিবস পালন করে। ওই দিনই রাজডাঙায় শুরু হচ্ছে পিঠে-পুলি উৎসব। সেদিনই এই বিশেষ কনসার্ট হবে। সুশান্ত ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েই এই গান শোনানোর ব্যবস্থা করা হচ্ছে। সঙ্গীতপ্রেমীরা যাতে করে সেই গানগুলিকে শোনার সুযোগ পান, তাই এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। গান গাইবেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, অরিত্র দাশগুপ্ত, তৃষা পারুই, চন্দ্রিকা ভট্টাচার্য ও ঐতিহ্য রায়। পিঠে-পুলি উৎসব চলবে পাঁচদিন। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে উৎসব। রোজই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ