Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুখ্যমন্ত্রীর নির্দেশকেও থোড়াই কেয়ার! নয়াগ্রামে বালিবোঝাই ট্রাকের দাপাদাপি

মুখ্যমন্ত্রীর নির্দেশকেও থোড়াই কেয়ার! নয়াগ্রামে বালিবোঝাই ট্রাকের দাপাদাপি
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: নয়াগ্ৰাম ব্লকের গ্ৰামীণ রাস্তা দিয়ে প্রচুর বালিবোঝাই ট্রাক চলাচল করছে। এর জেরে গ্রামের রাস্তাঘাট ভেঙে বেহাল হয়ে পড়ছে। পরিস্থিতি এমনই যে, তৃণমূল নেতৃত্বের তরফে বিষয়টি দেখার জন্য জেলাশাসকের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্ৰামীণ রাস্তা দিয়ে ভারী যান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন। তারপরও দিনরাত সেখান দিয়ে ভারী গাড়ি চলাচল করায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, আবেদন জমা পড়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
মুখ্যমন্ত্রী গতবছর সেপ্টেম্বর মাসে গ্রামের কাঁচা রাস্তা ও পঞ্চায়েতের তৈরি পাকা রাস্তা দিয়ে বড় ট্রাক চলাচল বন্ধের নির্দেশ দিয়েছিলেন। ট্রাক ছেড়ে দেওয়া নিয়ে পুলিসের একাংশের বিরুদ্ধে তিনি ক্ষোভও প্রকাশ করেন। তিনি সতর্ক করে বলেছিলেন, গ্রামের রাস্তা দিয়ে ট্রাক চলাচল করলে যাঁরা বিষয়টি দেখার দায়িত্বে রয়েছেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বেশ কয়েকমাস পেরিয়ে গিয়েছে। তারপরও নয়াগ্রামে গ্ৰামীণ রাস্তা দিয়ে ভারী গাড়ি চলাচল করছে। ট্রাক থেকে বালি পড়ে রাস্তার অবস্থা আরও খারাপ হচ্ছে। নয়াগ্ৰাম ব্লকের ধনকামড়া থেকে আটমাঝিয়া পর্যন্ত রাস্তা বহুদিন ধরে বেহাল। ব্লকের পাতিনা, বড়খাঁকরি, নয়াগ্ৰাম, জামিরাপাল পঞ্চায়েতের বাসিন্দারা এই পথ ব্যবহার করেন। দিনরাত ভারী গাড়ি যাতায়াত করায় ধুলোয় রাস্তা দিয়ে চলাই দায় হয়ে উঠেছে। পিচের রাস্তা ভেঙে যাচ্ছে। সেজন্য স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফের ধনকামড়া-আটমাঝিয়া রাস্তা সম্প্রসারণ ও সেখান দিয়ে বালিবোঝাই লরি চলাচল বন্ধের দাবি জানানো হয়েছে।
এলাকার বাসিন্দা তপন মহাপাত্র বলেন, এই ব্লকের তিন-চারটি পঞ্চায়েতের মানুষ রাস্তাটি ব্যবহার করেন। এখান দিয়ে ভারী গাড়ি চলাচল করায় রাস্তার অবস্থা দিনদিন খুব খারাপ হয়ে পড়ছে। খানাখন্দ ও ধুলোয় ভরা রাস্তা দিয়ে আমাদের রোজ যাতায়াত করতে হয়। জেলা কালেক্টরেট ভবনে আসা ব্লকের এক বাসিন্দা বলেন, মুখ্যমন্ত্রী গ্ৰামীণ রাস্তা দিয়ে ভারী যান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন। তারপরও এসব রাস্তা দিয়ে ভারী গাড়ি চলাচল বন্ধ হচ্ছে না।
স্থানীয় তৃণমূল নেতা উজ্জ্বল দত্ত বলেন, জেলায় একাধিক নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে। পুরনো রাস্তাও সংস্কার করা হচ্ছে। কিন্তু ধনকামড়া থেকে আটমাঝিয়া অবধি রাস্তাটি কোনও কারণে সংস্কার হচ্ছে না। রাস্তার উপর দিয়ে অবাধে ভারী যান চলাচল করছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ কেন মানা হচ্ছে না-সেটাই আমাদের প্রশ্ন। ব্লকের তিন-চারটে পঞ্চায়েতের কয়েকহাজার মানুষ এই পথে চলাচল করতে গিয়ে সমস্যায় পড়ছেন। জেলাশাসকের কাছে রাস্তার সম্প্রসারণ ও মজবুত করে তৈরির লিখিত আবেদন জানিয়েছি। সেইসঙ্গে রাস্তাটি দিয়ে বালিবোঝাই ট্রাক চলাচল বন্ধ করার দাবিও জানানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ