Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুখ্যমন্ত্রীর নির্দেশে গয়েশপুরের পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা সংক্রান্ত বৈঠক বাতিল

মুখ্যমন্ত্রীর নির্দেশে গয়েশপুরের পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা সংক্রান্ত বৈঠক বাতিল
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কল্যাণী: গয়েশপুরের পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার পর তিন বিক্ষুব্ধ কাউন্সিলার যে বৈঠক ডেকেছিলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে তা বাতিল হল। আগামী মঙ্গলবার এই বৈঠক হওয়ার কথা ছিল। বিক্ষুব্ধ কাউন্সিলারদের মধ্যে একজন, ৭ নম্বর ওয়ার্ডের কৌশিক ঘোষ বলেন, ‘গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী আমায় ফোন করেছিলেন। তাঁর নির্দেশে মিটিং বাতিল করা হয়েছে। তিনি সবটাই জানেন বলে জানিয়েছেন। এক্ষেত্রে দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। আমাদের অভিযোগ সুব্রত বক্সির কাছে লিখিতভাবে জমা দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। সেই মতো গত শুক্রবারই অভিযোগ জমা দেওয়া হয়েছে। আপাতত মিটিং বাতিল হলেও চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা থাকছে।’ নিয়ম অনুযায়ী অনাস্থা প্রস্তাব আনার ১৫ দিনের মধ্যে চেয়ারম্যানকে সেই বিষয়ে মিটিং ডাকতে হয়। তিনি না ডাকলে সেই মিটিং ভাইস চেয়ারম্যান ডাকবেন পরবর্তী সাতদিনের মধ্যে। আর তাও যদি না হয়, সেক্ষেত্রে তিনজন কাউন্সিলার মিলে বিশেষ মিটিং ডাকবেন। অনাস্থা নিয়ে সেই বৈঠকেই সিদ্ধান্ত হবে। গত ৯ জানুয়ারি পুরসভার ১১জন কাউন্সিলার আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান সুকান্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। তারপর থেকে ২৩ দিন কেটে যাওয়ায় গত সোমবার বিশেষ বৈঠকের বিজ্ঞপ্তি প্রকাশ করেন তিন কাউন্সিলার। তাঁরা হলেন ৩ নম্বর ওয়ার্ডের মরণকুমার দে, ৭ নম্বর ওয়ার্ডের কৌশিক ঘোষ ও ৯ নম্বর ওয়ার্ডের নন্দা ঘোষ। সেই বৈঠকই বাতিল হল মুখ্যমন্ত্রীর নির্দেশে। এ বিষয়ে তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় ও গয়েশপুর পুরসভার চেয়ারম্যান সুকান্ত চট্টোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ