Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে বড়মা মন্দিরে নতুন ফাঁড়ির উদ্বোধন

মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে বড়মা মন্দিরে নতুন ফাঁড়ির উদ্বোধন
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিতে এসে নৈহাটির বড়মা মন্দিরে নতুন পুলিস ফাঁড়ি তৈরির কথা ঘোষণা করেছিলেন। এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বুধবার বিকেলে বড়মা মন্দিরে বড়মা পুলিস আউটপোস্টের উদ্বোধন করা হয়। ওই কর্মসূচিতে বারাকপুরের পুলিস কমিশনার অলক রাজোরিয়া, নৈহাটির নব নির্বাচিত বিধায়ক সনৎ দে, নৈহাটি পুরসভার চেয়ারম্যান তথা বড়মা মন্দির কমিটির সভাপতি অশোক চট্টোপাধ্যায় প্রমুখ ছিলেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, এই পুলিস ফাঁড়ির মাধ্যমে বড়মা মন্দির ছাড়াও অরবিন্দ রোড, বাজার এলাকা, বড়মা ফেরিঘাট চত্বরের নিরাপত্তা নিয়ন্ত্রণ করা হবে। এখানে একজন এসআই, তিনজন এএসআই, আটজন কনস্টেবল ছাড়াও সিভিক ভলান্টিয়াররা থাকবেন। আগামী দিনে চারজন মহিলা পুলিস কর্মী মোতায়েন করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। পুলিসের এই সক্রিয়তায় খুশি নৈহাটির বাসিন্দারা। 
পুলিস কমিশনার অলক রাজোরিয়া বলেন, মুখ্যমন্ত্রী নতুন পুলিস ফাঁড়ি তৈরির নির্দেশ দিয়েছিলেন। মন্দির কমিটি, পুরসভার চেয়ারম্যান ও বিধায়ক সহ সকলে উদ্যোগ নিয়ে অত্যন্ত দ্রুত জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। তাই আমরাও সেখানে পুলিস ফাঁড়ি চালু করলাম। আগামী দিনে মায়ের মন্দির ও এলাকার নিরাপত্তা আরও পোক্ত করা 
হবে।-নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ