Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মাখলায় বেহাল রাস্তা, বন্ধ টোটো-অটো

মাখলায় বেহাল রাস্তা, বন্ধ টোটো-অটো
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: টিএন মুখার্জি রোডের বেহাল দশার প্রতিবাদে অটো-টোটো বন্ধ রেখে প্রতিবাদে শামিল হলেন চালকরা। ঘটনার জেরে বুধবার দিনভর উত্তরপাড়া স্টেশন থেকে দিল্লি রোড পর্যন্ত অটো ও টোটো পরিষেবা বন্ধ ছিল। যদিও চালকদের দাবি, মঙ্গলবার থেকেই প্রতিবাদ আন্দোলন শুরু করেছেন। তাঁরা বলছেন, টিএন মুখার্জি রোড বহুদিন ধরে বেহাল। নানা কারণে দফায় দফায় রাস্তা খোঁড়া হয়েছে কিন্তু সারানো হয়নি। আবার, ওই রাস্তা দিয়েই প্রশাসনের চোখের সামনে বহুচাকার পণ্যবাহী লরি চলাচল করে। তাতে রাস্তার হাল আরও খারাপ হয়েছে। এই অবস্থায় ওই রাস্তা দিয়ে অটো চালালে গাড়ি নষ্ট হচ্ছে। দু’টাকা রোজগার করতে গিয়ে ১০০ টাকা ক্ষতির মুখে পড়তে হচ্ছে। সেই কারণেই অটো চালক সংগঠনের পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে। সংগঠনের দাবি, সম্প্রতি পুরসভা থেকে প্রশাসন, পুলিসকে রাস্তার সমস্যার কথা জানানো হলেও পদক্ষেপ করা হয়নি। তাই পরিষেবা বন্ধ রেখে আন্দোলন করা হচ্ছে। এদিন অটো ও টোটো চালকরা রাস্তার উপরে বিক্ষোভ সমাবেশও করেন। এনিয়ে পুরসভা থেকে প্রশাসনের কর্তারা কেউই মন্তব্য করতে চাননি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ