Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মাকে মারধর,  ধৃত বিজেপি নেতা

মাকে মারধর,  ধৃত বিজেপি নেতা
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাকদ্বীপ: মাকে মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা থানার বনশ্যামনগর গ্রাম পঞ্চায়েতের শিবনগর এলাকায়। এই ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা কামিনী সিং (৭২)। তবে চিকিৎসার পর বর্তমান তিনি সুস্থ রয়েছেন। পরে এই বিষয়ে পাথরপ্রতিমা থানায় কামিনীদেবী একটি অভিযোগও দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস তাঁর ছেলে সুশান্ত সিংকে গ্রেপ্তার করেছে। সুশান্ত বিজেপির মণ্ডল সভাপতি। মঙ্গলবার সুশান্তকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এ বিষয়ে কামিনীদেবীর প্রতিবেশীরা বলেন, বৃদ্ধা কামিনীদেবী একা বসবাস করেন। সেই সুযোগে তাঁর ছেলে, বউমা ও নাতি এসে প্রায়ই মারধর করে। ভয়ে কামিনীদেবী বাড়িতে একা থাকতে চান না। দিনের বেলায় প্রায়দিনই আশেপাশের প্রতিবেশীদের বাড়িতে চলে যান। গত কয়েকদিন আগে আবারও তাঁর ছেলে, বউমা ও নাতি এসে কামিনীদেবীকে মারধর করেছে। বাড়িও ভাঙচুর করেছে। নিজের মাকে এভাবে মারধরের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার সঠিক বিচার হওয়া উচিত। বৃদ্ধা কামিনী সিং বলেন, সব সম্পত্তি হস্তগত করার জন্য ছেলে প্রায়ই মারধর করে। অনেক আগেই ছেলেকে পৈতৃক সম্পত্তি দেওয়া হয়েছে। তা সত্ত্বেও বাস্তু জমিটা নেওয়ার জন্য গণ্ডগোল করছে। বোনকে কোনও জায়গা-জমি দেবে না বলে এই রকম করছে। থানায় অভিযোগ করেছি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ