বিশেষ সংবাদদাতা, আইজল: অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান সংক্রান্ত মামলায় রবিবার মিজোরামের ছ’টি স্থানে ব্যাপক তল্লাশি অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। গ্রেপ্তার করা হয়েছে মোট তিনজনকে। বাজেয়াপ্ত হয়েছে বিপুল অস্ত্র ও বিস্ফোরক। ধৃতরা আন্তঃসীমান্ত অস্ত্র ও গোলাবারুদ পাচার চক্রের সঙ্গে জড়িত বলে দাবি তদন্তকারীদের। এনআইএ বিবৃতিতে বলা হয়েছে, ধৃতরা সীমান্তের ওপারে বিস্ফোরক, অস্ত্র এবং গোলাবারুদ পাচার চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বিপুল সংখ্যক অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, অস্ত্র তৈরির সরঞ্জাম সহ ডিজিটাল ডিভাইস তল্লাশি অভিযানের সময় বাজেয়াপ্ত করা হয়েছে। ২০২৩ সালের ২৬ ডিসেম্বরের একটি মামলার ভিত্তিতে এদিনের অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।



