সংবাদদাতা, কুমারগ্রাম: বৃহস্পতিবার ভারত-ভুটান সীমান্তবর্তী কুমারগ্রাম ব্লকের তুরতুরিখণ্ড পঞ্চায়েতের অন্তর্গত প্রাকৃতিক সৌন্দর্যের খনি ভুটানঘাট পরিদর্শনে এলেন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা তথা প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। পাহাড়, নদী আর সবুজে ঘেরা ভুটানঘাটের নয়নাভিরাম সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হন। এদিনের পরিদর্শনে তাঁর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী মনোজকুমার ওরাওঁ, বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা (পূর্ব বিভাগ) দেবাশিস শর্মা, কুমারগ্রামের বিডিও সন্দীপ ধাড়া সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। সীমান্তের এই অপরূপ প্রাকৃতিক ল্যান্ডস্কেপ ঘুরে দেখার পর আবেগাপ্লুত মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভুটানঘাট অত্যন্ত সুন্দর একটি জায়গা। ঘুরে দেখে সত্যিই দারুণ লাগল। আমরা চাইছি এখানকার পর্যটন পরিকাঠামোর সার্বিক উন্নয়ন ঘটাতে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং কীভাবে এটিকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, তা নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে।



