নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ৫০কিলোমিটার বাইক চালিয়ে মাইথনে আনন্দ করতে এসে নদীতে তলিয়ে গিয়ে তিন কিশোরের মৃত্যু হল। বৃহস্পতিবার সকালে থেকে বরাকর নদীর খাদ থেকে একের পর এক দেহ উদ্ধার হতেই এলাকায় শোকের ছায়া নামে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম নবাব গাদ্দি (১৫), জায়েদ হোসেন (১৬) ও যুবরাজ সিং (১৬)। বুধবার ঝাড়খণ্ডে ভোট নিয়ে ব্যস্ত ছিল পুলিস। রাস্তাঘাটও ফাঁকা ছিল। ধানবাদের ছ’জন নাবালক জন্মদিনের পার্টি আছে বলে বেরিয়ে পড়ে। তারপর স্কুটি ও বাইক নিয়ে মাইথনে আসে। বাঁধের নীচের দিকে মাইথন থানার অন্তর্গত তৃতীয় টাওয়ারের কাছে পড়ন্ত দুপুরে স্নান করতে নামে তারা। তখনই তিনজন তলিয়ে যায়। বাকি তিন বন্ধু কাউকে কিছু না জানিয়ে ধানবাদে ফিরে যায়। মাইথন থানার ওসি আকৃষ্ট আমন বলেন, বুধবার রাতে খবর পাওয়ার পরই উদ্ধারকাজ শুরু হয়।



