সংবাদদাতা, উলুবেড়িয়া: স্কুল থেকে ফিরে বাড়ির সামনে সাইকেল চালাতে গিয়েছিল এক নাবালিকা। কিন্তু তারপর আর তার কোনও খোঁজ মিলছিল না। নিখোঁজ ওই নাবালিকার মৃতদেহ বুধবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানার ৩১ নম্বর ওয়ার্ডের বাণীতলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রিয়া প্রামাণিক (৮)। সে যদুরবেড়িয়া বুনিয়াদি বেসিক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠিয়েছে। তারা ঘটনার তদন্তও শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যদিনের মতো মঙ্গলবার বিকেলেও রিয়া স্কুল থেকে ফেরার পর সাইকেল চালানোর জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। এদিকে সন্ধ্যা গড়িয়ে গেলেও রিয়া বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে উলুবেড়িয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তাঁরা। এরপর বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে রিয়ার মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা খবর দিলে উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহ এবং সাইকেল উদ্ধার করে। এদিন সকালে তার বাড়িতে যান উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান ও ওয়ার্ডের কাউন্সিলার ইনামুর রহমান। নিজস্ব চিত্র



