নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১০০ ডায়ালে খবর পেয়ে নিষিদ্ধপল্লি থেকে এক নাবালিকাকে উদ্ধার করল কলকাতা পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) কুণাল আগরওয়াল জানিয়েছেন, ‘বছর ষোলর ওই নাবালিকাকে তার প্রেমিক নিষিদ্ধপল্লির এক দালালের কাছে বিক্রি করে দিয়েছিলেন। ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে।’ পাশাপাশি এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নাবালিকার প্রেমিক এবং সেই দালালকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম, সফিকুল মোল্লা ওরফে বাবুল (২০) এবং শাহারুল লস্কর ওরফে শাহরুখ (৩৯)।
প্রাথমিক তদন্তে বড়তলা থানার পুলিশ জানতে পারে, উত্তর ২৪ পরগনার বাসিন্দা ওই নাবালিকাকে প্রথমে প্রেমের ফাঁদে ফেলেন সফিকুল। বিয়ের টোপ দিয়ে কলকাতায় আনে। তারপর দেহ ব্যবসায় নামানোর জন্য বড়তলা থানা এলাকার দুর্গাচরণ মিত্র স্ট্রিটের নিষিদ্ধপল্লিতে দালাল শাহারুলের কাছে বিক্রি করে দেয় বলে অভিযোগ। শুক্রবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কলকাতা পুলিশের কাছে ই-মেলে অভিযোগ জানানো হয়। পাশাপাশি লালবাজারের ১০০ ডায়ালে অভিযোগ আসে। ফোন কলের সূত্র ধরে তদন্তে নেমে বড়তলা থানার পুলিশ সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে নিষিদ্ধপল্লিতে এক ঘণ্টা তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করে। এই ঘটনায় অভিযুক্ত প্রেমিক ও দালালের বিরুদ্ধে নাবালিকাকে দিয়ে জোর করে দেহ ব্যবসায় নামানোর পাশাপাশি জামিন অযোগ্য পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।