Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

হাওড়ায় দুর্ঘটনার কবলে গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন মন্ত্রী প্রদীপ মজুমদার

রবিবার দুপুরে হাওড়ার ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে নিবড়ার কাছে দুর্ঘটনার কবলে পড়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি। কলকাতার দিকে যাচ্ছিলেন মন্ত্রী।

হাওড়ায় দুর্ঘটনার কবলে গাড়ি, অল্পের  জন্য রক্ষা পেলেন মন্ত্রী প্রদীপ মজুমদার
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রবিবার দুপুরে হাওড়ার ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে নিবড়ার কাছে দুর্ঘটনার কবলে পড়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি। কলকাতার দিকে যাচ্ছিলেন মন্ত্রী। আচমকা একটি লরি পিছন দিক থেকে তাঁর গাড়িতে ধাক্কা দিয়ে ওভারটেক করার চেষ্টা করে। তার আগে লরির ধাক্কায় দুই বাইক আরোহী জখম হন। মন্ত্রীর গাড়ির পিছনের অংশটি খানিকটা দুমড়ে গেলেও মন্ত্রীর শরীরে কোনও আঘাত লাগেনি। এই ঘটনায় মদ্যপ লরি চালককে গ্রেপ্তারের পাশাপাশি গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে ডোমজুড় থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুর্গাপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। দুপুর ১টা ৫ মিনিট নাগাদ নিবড়ার কাছে জাতীয় সড়কে বেপরোয়া গতিতে আসা একটি লরি পিছন দিক থেকে মন্ত্রীর গাড়িটিতে ধাক্কা দেয়। এরপর সেটি ওভারটেক করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে মন্ত্রীর গাড়ির সঙ্গে থাকা পুলিশের পাইলট কার লরিটি আটকায়। ঘটনাস্থলে দ্রুত ছুটে যান নিবড়া ট্রাফিক গার্ডের পুলিশ অফিসাররা। পুলিশ জানিয়েছে, প্রথমে দুটি বাইককে ধাক্কা দিয়ে মন্ত্রীর গাড়িটিতে আঘাত করে ওই লরি। লরি চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। তিনি পালানোর চেষ্টা করছিলেন। তখন মন্ত্রীর নির্দেশে আহত দুই বাইক আরোহীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। এরপর পাইলট কারে চেপে কলকাতার উদ্দেশে রওনা দেন মন্ত্রী প্রদীপবাবু। তাঁর গাড়িতে ছিলেন মন্ত্রীসহ চারজন। তাঁরা প্রত্যেকেই সুস্থ আছেন বলে পুলিশ জানিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ