Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাঝরাতে হাওড়া ব্রিজের ফুটপাতে মৃত্যু মাঝবয়সির

হাওড়া ব্রিজে ১২ নম্বর পিলারের কাছে ফুটপাতে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে মাঝবয়সি, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির।

মাঝরাতে হাওড়া ব্রিজের  ফুটপাতে মৃত্যু মাঝবয়সির
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া ব্রিজে ১২ নম্বর পিলারের কাছে ফুটপাতে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে মাঝবয়সি, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির। মঙ্গলবার রাত পৌনে ৩টে নাগাদ নর্থপোর্ট থানার পুলিশ বছর পঞ্চান্নের ওই ব্যক্তিকে প্রথমে নিথর অবস্থায় উদ্ধার করে। পরে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কলকাতা পুলিশের ডিসি (পোর্ট) হরিকৃষ্ণান পাই এই খবর জানিয়েছেন। ঘড়িতে তখন রাত পৌনে ৩টে। দেখা যায়, শুনশান হাওড়া ব্রিজের ফুটপাতে এক ব্যক্তির দেহ পড়ে। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নর্থপোর্ট থানার পুলিশ। ওই ব্যক্তির পরণে কালো রঙের হাফ প্যান্ট, বাদামী টি-শার্ট আর নীল জ্যাকেট। গালে কাঁচা-পাকা দাঁড়ি। আপাতদৃষ্টিতে ওই ব্যক্তির দেহে তেমন কোনও আঘাতের চিহ্ন নেই। খবর লেখা পর্যন্ত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

Advertisement

পুলিশের মনে প্রশ্ন জেগেছে, ঠিক কীভাবে মৃত্যু হল ওই ব্যক্তির? স্থানীয় নর্থপোর্ট থানার পাশাপাশি লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা এই রহস্যমৃত্যুর তদন্তে সহযোগিতা করেছেন। তদন্তে নেমে হাওড়া ব্রিজের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন গোয়েন্দারা। সূত্রের খবর, একটি ফুটেজে কয়েক জন মুটিয়াশ্রমিকের সঙ্গে ওই ব্যক্তিকে ঘুরতে দেখা যায়। তবে বচসা বা হাতাহাতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, বুধবার মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে প্রাথমিকভাবে পুলিশ ও ময়নাতদন্তকারী চিকিৎসকদের অনুমান, সম্ভবত রাস্তায় পড়ে গিয়ে কোনওভাবে এই আঘাত লাগতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ পরিষ্কার হবে বলে জানিয়েছে লালবাজার। আপাতত সব দিক খোলা রেখেই তদন্ত করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ