Bartaman Logo
২৭ মে, ২০২৬

মহারাষ্ট্রে সরপঞ্চকে খুন: মন্ত্রী ঘনিষ্ঠর আত্মসমর্পণ, ফড়নবিশের ইস্তফা দাবি কংগ্রেসের

মহারাষ্ট্রে সরপঞ্চকে খুন: মন্ত্রী ঘনিষ্ঠর আত্মসমর্পণ, ফড়নবিশের ইস্তফা দাবি কংগ্রেসের
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
মুম্বই: মহারাষ্ট্রের বিড জেলার এক  সরপঞ্চকে খুনের ঘটনায় বিপাকে রাজ্যের মহাযুতি সরকার। এই মামলায় আত্নসমর্পণ করলেন অন্যতম অভিযুক্ত। বাল্মিক কারাদ নামে ওই অভিযুক্ত রাজ্যের মন্ত্রী ধনঞ্জয় মুন্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। মঙ্গলবার সকালে পুনেতে সিআইডি অফিসে গিয়ে নিজেই ধরা দেন তিনি। জানা গিয়েছে, সরপঞ্চ খুনে তোলাবাজির ঘটনায় নাম জড়িয়েছিল তাঁর। তারপর থেকেই খোঁজ চালাচ্ছিল পুলিস। এদিন তাঁর আত্মসমর্পণের পর ধনঞ্জয়কে মন্ত্রিসভা থেকে সরানোর দাবি উঠেছে। পুলিসের ব্যর্থতা নিয়ে সরব হওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের ইস্তফার দাবি জানিয়েছে কংগ্রেস।
Advertisement
৯ ডিসেম্বর বিড জেলার মাসাজোগ গ্রামের সরপঞ্চ সন্তোষ দেশমুখকে অপরহণ করে খুন করে দুষ্কৃতীরা। অভিযোগ, জেলার একটি উইন্ড মিল  কোম্পানিতে তোলাবাজির বিরোধিতা করায় তাঁকে হত্যা করে দুষ্কৃতীরা। এই ঘটনাতেই নাম জড়ায় মন্ত্রী ঘনিষ্ঠ বাল্মিকের। দোষীদের গ্রেপ্তারের দাবিতে ক্রমে ফড়নবিশ সরকারের উপর চাপ বাড়ায় বিরোধীরা। চলে বিক্ষোভ প্রদর্শনও। তড়িঘড়ি ঘটনার তদন্তে নেমে চারজনকে পুলিস গ্রেপ্তার  করলেও বাল্মিকের নাগাল পাওয়া যাচ্ছিল না। এদিন সকালে তিনি নিজেই সিআইডি অফিসে গিয়ে ধরা দেন। জানান, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই তাঁকে এই খুনের মামলায় ফাঁসানো হয়েছে।  
অন্যদিকে, এই ঘটনায় রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের উপর চাপ বাড়িয়েছে বিরোধী কংগ্রেস। দলের মুখপাত্র অতুল লোন্ধে বলেন, পুলিস সম্পূর্ণ  ব্যর্থ। ঘটনার তিন সপ্তাহ পেরিয়েও অভিযুক্তকে ধরতে পারেনি। তাই মুখ্যমন্ত্রী হিসেবে অবিলম্বে ফড়নবিশের পদত্যাগ করা উচিত।
সম্পর্কিত সংবাদ