মুম্বই: রবিবার মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এদিন নাগপুরে মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন মহাযুতি জোটের ৩৯ জন বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ও অজিত পাওয়ার। নতুন মন্ত্রিসভায় সুযোগ পেয়েছেন বিজেপির চন্দ্রশেখর বাওয়ানকুলে, পঙ্কজা মুন্ডে, নীতেশ রানে সহ অন্যান্যরা। এছাড়া রয়েছেন সিন্ধেপন্থী শিবসেনা ও এনসিপির অজিত গোষ্ঠীর বহু নেতা। এদিকে মন্ত্রিসভা থেকে বাদ পড়ায় দলীয় পদ থেকে ইস্তফা দিলেন শিবসেনা (সিন্ধে শিবির) বিধায়ক নরেন্দ্র মোদেকর। বর্তমানে তিনি বিদর্ভে দলের কো-অর্ডিনেটর। সূত্রের খবর, মন্ত্রিসভায় সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ নরেন্দ্র। তারই প্রতিবাদ জানাতে দলীয় পদ ছাড়লেন তিনি। সব ঠিকঠাক থাকলে রাজস্ব, শিক্ষা, বিদ্যুৎ, সেচের মতো দপ্তর এবারও বিজেপির দখলে থাকবে। এনসিপির হাতে থাকবে অর্থ, কৃষি, ক্রীড়া দপ্তর।



