Bartaman Logo
২৭ মে, ২০২৬

মহারাষ্ট্রে খেলার ছলে তিন বছরের ভাগ্নিকে সপাটে চড়, মৃত শিশু, গ্রেপ্তার মামা

মহারাষ্ট্রে খেলার ছলে তিন বছরের ভাগ্নিকে সপাটে চড়, মৃত শিশু, গ্রেপ্তার মামা
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই, ২২ নভেম্বর: তিন বছরের ভাগ্নিকে চড় মেরে খুন করার অভিযোগ উঠল মামার বিরুদ্ধে। গত সোমবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রেরর থানে জেলার উলহসনগরে। খুনের পর মৃত শিশুটির দেহ পোড়ানোর চেষ্টাও করেন অভিযুক্ত যুবক। পুলিস ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে। গত সোমবার থেকে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার শিশুটির দেহ উদ্ধার হয়েছে।
Advertisement
পুলিস সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময়ে অভিযুক্ত তাঁর অপরাধ স্বীকার করে নিয়েছেন। তবে তাঁর দাবি, তিনি ইচ্ছাকৃতভাবে তাঁর ভাগ্নিকে খুন করেননি। তাঁর আরও দাবি, খেলার ছলে মজা করে তিনি শিশুটিকে চড় মারেন। এরপরই সে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। রান্নাঘরের স্ল্যাবে তাঁর মাথায় আঘাত লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। পুলিস গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে।
পুলিস জানিয়েছে, এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন অভিযুক্ত যুবকটি। প্রমাণ লোপাট করতে প্রথমে তিনি শিশুটির দেহ পোড়ানের চেষ্টা করেন। পরে দেহটিকে তিনি একটি ঝোপের মধ্যে ফেলে দেন। কিন্তু শেষ রক্ষা হল না। পুলিস সূত্রে খবর, দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।
সম্পর্কিত সংবাদ