Bartaman Logo
২৭ মে, ২০২৬

মোহালিতে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ২ জনের, চলছে উদ্ধারকাজ

মোহালিতে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ২ জনের, চলছে উদ্ধারকাজ
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মোহালি, ২২ ডিসেম্বর: পাঞ্জাবের মোহালিতে বহুতল ভেঙে পড়ার ঘটনায় কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গতকাল, শনিবার গভীর রাতে প্রথমে এক মহিলাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। তারপরে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আজ, রবিবার সকালে এক যুবকের মৃতদেহ ওই বহুতলের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপে আরও সাত থেকে আটজন আটকে থাকতে পারেন বলে অনুমান উদ্ধারকারীদের। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলা হিমাচল প্রদেশের থেওগের বাসিন্দা। তাঁর নাম দৃষ্টি ভার্মা। মৃত যুবকের নাম অভিষেক, তিনি হরিয়ানার আম্বালার বাসিন্দা বলে জানিয়েছে পুলিস।
Advertisement
গতকাল, শনিবার বিকেলে মোহালিতে আচমকাই ভেঙে পড়ে চারতলা এই বহুতলটি। যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিস ও দমকলে। পরে উদ্ধারকাজে হাত লাগায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় উদ্ধারকাজে হাত লাগিয়েছে ভারতীয় সেনা জওয়ানরাও। দ্রুত উদ্ধারকাজের জন্য আনা হয় একাধিক ক্রেন, জেসিবি। ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুলেন্সও। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই বহুতল সংলগ্ন এলাকায় খোঁড়াখুঁড়ির কাজ চলছিল। সেই কারণেই ওই চারতলা বিল্ডিংটি ভেঙে পড়ে। গতকাল এই ঘটনার খবর পেয়ে দুঃখপ্রকাশ করার পাশাপাশি উদ্ধারকারীদের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ভেঙে পড়া ওই বহুতলের দুই মালিকের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে পুলিস। ইতিমধ্যেই ৬০ শতাংশ ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
সম্পর্কিত সংবাদ