নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় পুলিসের বিরুদ্ধে এক মহিলাকে মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলায় হাওড়ার পুলিস কমিশনারকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
Advertisement
সালকিয়ার বাসিন্দা সান্ত্বনা শেঠের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিবাদের অভিযোগ পেয়ে পুলিস গিয়ে হঠাৎ তাঁর উপর চড়াও হয়। সাব ইনসপেক্টর হীরেন লাগার বিরুদ্ধে তাঁর অভিযোগ, মহিলা অফিসার ছাড়া তিনি এসে বেধড়ক মারধর করেন তাঁকে। এরপর থানায় অভিযোগ করলেও সুরাহা না মেলায় হাইকোর্টে মামলা করেন তিনি। ২০২৩ সালে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে হাওড়ার পুলিস কমিশনার রিপোর্ট দিয়ে ওই অভিযোগ অস্বীকার করেন। রিপোর্টে উল্লেখ ছিল, দুই গোষ্ঠীর সংঘর্ষের শিকার হয়েছেন ওই মহিলা। এরপর সিঙ্গল বেঞ্চে মামলাটি খারিজ হয়ে যায়। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ওই মহিলা। বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে মহিলার আইনজীবী শুভাশিস চক্রবর্তী বলেন, ওই ইনসপেক্টরকে বাঁচাতেই সঠিকভাবে তদন্ত করা হয়নি। সমস্ত বৃত্তান্ত শোনার পর ডিভিশন বেঞ্চ নির্দেশে জানায়, যেহেতু পুলিসের বিরুদ্ধে অভিযোগ, তাই কোনও প্রভাব ছাড়া তদন্ত করতে সক্ষম, এমন কোনও সংস্থা বা পুলিস আধিকারিককে তদন্তের দায়িত্ব দেবেন কমিশনার। নির্দেশে আরও উল্লেখ, অভিযুক্ত আধিকারিক যাতে প্রভাব খাটাতে না পারেন, সেবিষয়েও কমিশনার নজরদারি করবেন।



