Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মহিলাকে ঘর তৈরিতে বাধা, কাঠগড়ায় নির্দল কাউন্সিলার

মহিলাকে ঘর তৈরিতে বাধা, কাঠগড়ায় নির্দল কাউন্সিলার
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: তোলা চেয়ে না পাওয়ায় মহিলাকে তাঁর নিজের জমিতে ঘর করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল নির্দল কাউন্সিলারের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ায়। জমির মালিক শিপ্রা সর্দারের অভিযোগ, সকালে নিজের জমিতে বাঁশ ও টিন দিয়ে ঘর করছিলেন তিনি। সেই সময় স্থানীয় নির্দল কাউন্সিলার চিরঞ্জিত বিশ্বাস দলবল নিয়ে এসে কাজে বাধা দেন। তারা লোহার রড, শাবল নিয়ে এসে পাঁচিল ভেঙে দেয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে মহিলাকে হেনস্তা করা হয়। শিপ্রা সর্দারের আরও অভিযোগ, তাঁর মাকে মারধর করে কাউন্সিলার ও তাঁর দলবল। থানায় কাউন্সিলার সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চিরঞ্জিত।
Advertisement
জানা গিয়েছে, বনগাঁ পুরসভার সুভাষপল্লির বাসিন্দা শিপ্রা সর্দার পূর্বপাড়ার একটি জমি কেনেন। ওই জমিতে বাড়ি করা নিয়ে বিবাদ বাধে। আগে কয়েকবার কাউন্সিলারের সঙ্গে বিবাদে থানায় নালিশ জমা পড়েছিল। মঙ্গলবার নতুন করে ঝামেলা শুরু হয়। এদিন সকালে সেই জমিতে ঘর করছিলেন শিপ্রা দেবী। অভিযোগ, সেই সময় কাউন্সিলার দলবল নিয়ে গিয়ে কাজে বাধা দেয়। শিপ্রা সর্দারের অভিযোগ, কাউন্সিলার তাঁর কাছে দু’লক্ষ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় মহিলাকে কু প্রস্তাব দেয় বলেও অভিযোগ। মহিলার দাবি, কু প্রস্তাবে রাজি না হওয়ায় অত্যাচার শুরু হয়। যদিও চিরঞ্জিত বিশ্বাস বলেন, আমি ওই মহিলাকে চিনি না। উনি আমার ওয়ার্ডের বাসিন্দা নন। শুনেছি এলাকায় একটি জমি কিনেছেন। পাশে একটি খাস জমিও দখল করে রেখেছিলেন। আজ এলাকার মহিলারা সেই জমি পুনরুদ্ধার করেছেন। আমি ওখানে ছিলাম না। 
সম্পর্কিত সংবাদ