চণ্ডীগড়: পাঞ্জাবের মোহালিতে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল দুই। রবিবার ধ্বংসস্তূপ থেকে এক যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম অভিষেক ধানোয়াল (২৯)। দুর্ঘটনার সময় ওই বিল্ডিংয়ের নীচে জিমে ছিলেন আম্বালার বাসিন্দা অভিষেক। মৃতের বাবা জানিয়েছেন, শনিবার বিকেল থেকেই ছেলেকে ফোনে পাওয়া যাচ্ছিল না। অবশেষে রবিবার মিলল অভিষেকের নিথর দেহ।
Advertisement
শনিবার সন্ধ্যায় সোহানা গ্রামের ওই বহুতলটি আচমকা ভেঙে পড়ে। ধ্বংসস্তূপে চাপা পড়ে বাসিন্দারা। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছয় পুলিস, দমকল, সেনা এবং জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। সারারাত ধরে চলে উদ্ধারকাজ। কর্তব্যরত ডেপুটি কমিশনার বিরাজ এস তিরকে একথা জানিয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, বহুতল সংলগ্ন জমিতে খননের জেরেই এই বিপর্যয়। এবিষয় মোহালির এসএসপি দীপক পারিক বলেন, ‘ওই বিল্ডিংয়ের মালিকই পাশের প্লটে নির্মাণের কাজ চালাচ্ছেন। এর জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি।’ প্রসঙ্গত, শনিবার রাতে ধ্বংসস্তূপ থেকে আশঙ্কাজনক অবস্থায় হিমাচলের এক তরুণীকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া সত্ত্বেও শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় জেলা প্রশাসনের তীব্র নিন্দা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা প্রতাপ সিং বাজোয়া। তাঁর অভিযোগ, নিয়ম লঙ্ঘন করে ওই অঞ্চলে একাধিক বিল্ডিং তৈরি করা হয়েছে।



