Bartaman Logo
২৭ মে, ২০২৬

মহাকাশ স্টেশন যাত্রায় পাইলটের দায়িত্বে থাকবেন ভারতীয় নভশ্চর

মহাকাশ স্টেশন যাত্রায় পাইলটের দায়িত্বে থাকবেন ভারতীয় নভশ্চর
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। সব ঠিকঠাক থাকলে আগামী এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিতে চলেছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। সৌজন্যে ইসরো ও নাসার যৌথ অভিযান। অ্যাক্সিয়ম-৪ অভিযানের  অন্যতম  অভিযাত্রী ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু। ইতিমধ্যে জোরকদমে চলছে প্রশিক্ষণ। এই অভিযানের জন্য স্পেস এক্সের ফ্যালকন-৯ রকেট ও ক্রু ড্রাগন ক্যাপসুল ব্যবহার করবে মার্কিন সংস্থা অ্যাক্সিয়ম স্পেস। মহাকাশযানের পাইলটের দায়িত্বে থাকবেন শুভাংশু। তাঁর বিকল্প হিসেবে বায়ুসেনার আর এক গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালকৃষ্ণ নায়ারকেও দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। এর আগে ১৯৮৪ সালে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা। আর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম ভারতীয় হিসেবে পা রাখবেন শুভাংশু। এবিষয়ে অ্যাক্সিয়ম স্পেসের ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট বিজনেসের ডিরেক্টর পিয়ারলি পান্ডিয়া বলেন, ‘এই অভিযান ভারত-আমেরিকার মধ্যে মৈত্রীর সেতু সুদৃঢ় করবে। ভারতীয়-আমেরিকান হিসেবে আমি অত্যন্ত গর্বিত। প্রথমবার কোনও ভারতীয় নভশ্চর মহাকাশ স্টেশনে পা রাখতে চলেছেন। সকলে এই মুহূর্তের জন্য মুখিয়ে রয়েছেন। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু ও নায়ারের প্রশিক্ষণ নিয়ে আমরা সন্তুষ্ট। নাসার নিয়ম মেনে মহাকাশ স্টেশনের  যাবতীয় খুঁটিনাটি সম্পর্কে অবগত করা হচ্ছে তাঁদের। প্রশিক্ষণের দায়িত্বে রয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি।’ পিয়ারলি আরও জানান, ১০ থেকে ১৪ দিনব্যাপী এই অভিযানে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করবেন নভশ্চররা। শুভাংশু ও নায়ারের পাশাপাশি অভিযানে থাকছেন পেগি অ্যানেট উইটসন, স্লাওজ উজনানস্কি, টিবর কাপু। পান্ডিয়ার কথায়, ‘অভিযানের কমান্ডরের দায়িত্বে রয়েছেন নাসার প্রাক্তন নভশ্চর পেগি উইটসন। আশা করি, এই টিমের হাত ধরে অন্য মাত্রা পাবে ইসরো-নাসা-অ্যাক্সিয়ম স্পেসের এই যৌথ পরিকল্পনা।’
Advertisement
সম্পর্কিত সংবাদ