Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মগরায় আসামি ধরতে গিয়ে তীব্র বাধার মুখে পুলিস, গ্রেপ্তার ১১

মগরায় আসামি ধরতে গিয়ে তীব্র বাধার মুখে পুলিস, গ্রেপ্তার ১১
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ওয়ারেন্ট জারি হওয়া আসামি ধরতে পুলিসের অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল হুগলির মগরার বাসুদেবপুরে। রবিবার গভীর রাতে পুলিস বাসুদেবপুরের অধিকারী পাড়ায় অভিযানে গিয়েছিল। সেখানে প্রথমে তাঁরা স্থানীয়দের বাধার মুখে পড়েন। তাতে দু’পক্ষের মধ্যে একদফা ধস্তাধস্তি হয়। অভিযোগ, পরে পুলিসের উপরে আসামিদের পরিবার ও স্থানীয়রা হামলা চালায়। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিরাট পুলিস বাহিনী ঘটনাস্থলে আসে। ভোররাত থেকে সোমবার দুপুরে পর্যন্ত অভিযান চালিয়ে ১১ জনকে পুলিস গ্রেপ্তার করে। সোমবার তাদের আদালতে তোলা হয়েছিল। ওই ঘটনায় তিনজন পুলিসকর্মী জখম হয়েছেন। তবে হুগলি গ্রামীণ পুলিসের কর্তারা তা স্বীকার করেনি।  
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রায় চারবছর আগে অধিকারী পাড়ার বাসিন্দা তনেশ ঘোষ ও সুজিত অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। ওই ঘটনায় আদালত সম্প্রতি ওয়ারেন্ট জারি করে। এরপরই রবিবার রাতে এক অফিসারের নেতৃত্বে পুলিসকর্মীরা অভিযান করেন। অভিযোগ, সেই সময় স্থানীয় বাসিন্দারা পুলিসকে ঘিরে বিক্ষোভ শুরু করে। পরে তা ধস্তাধস্তিতে গড়ায়। সেই সময়েই স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিসকে আক্রমণ করে বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে পুলিসকর্মীরা সেখান থেকে চলে আসেন। ভোররাতে গ্রামীণ পুলিসের বিরাট বাহিনী এলাকায় হানা দেয়। সেই সময় ওয়ারেন্টে নাম থাকা দুই অভিযুক্তকে পুলিস গ্রেপ্তার করে। পরে পুলিসের উপরে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও ৯ জনকে গ্রেপ্তার করে গ্রামীণ পুলিস। হুগলি গ্রামীণ পুলিস জানিয়েছে, সরকারি কাজে বাধা দেওয়া ও আইনশৃঙ্খলা ভাঙার অপরাধে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ