বিশেষ সংবাদদাতা, শিলং: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে। এরইমধ্যে মেঘালয় সীমান্তে বাংলাদেশি ড্রোনের গতিবিধি নজরে এল! ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া পূর্ব খাসি পার্বত্য জেলার সোহরা ও শেলার কাছে কয়েকটি চালকহীন আকাশযান (ইউএভি) দেখা গেছে বলে বিএসএফ সূত্রে খবর। মেঘালয়ের ডিজিপি ইদাশিশা নঙরাঙ জানিয়েছেন, পুরো ঘটনা নিয়ে বিএসএফ ও বায়ুসেনার সঙ্গে কথা বলেছেন তিনি। বাংলাদেশের চাতক ও সুনামগঞ্জের কাছাকাছি এলাকায় ওই ড্রোনগুলিকে উড়ন্ত অবস্থায় দেখা গিয়েছে । জিরো পয়েন্ট থেকে মাত্র দুশো মিটার দূরে এই ইউএভিগুলি উড়ছিল। বিএসএফ সূত্রে খবর, ড্রোনগুলি বাংলাদেশেরই। এর মধ্যে একটির নম্বর টিবিটুআর-১০৭১।



