ডিসেম্বরেই চিড়িংঘাটা হয়ে সেক্টর ফাইভ মেট্রো, আবেদন মুখ্যমন্ত্রীর
  • ২৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কবি সুভাষ থেকে চিংড়িঘাটা হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা দ্রুত চালুর জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আরজি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সাঁতরাগাছি ও রাজস্থানের জয়পুরের মধ্যে নতুন একটি যাত্রীবাহী ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রেলমন্ত্রী। মুখ্যমন্ত্রী হাজির ছিলেন সাঁতরাগাছি স্টেশনে। সেখানেই তিনি গুরুত্বপূর্ণ এই রুটে ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ মেট্রো চালুর আবেদন রাখেন। রেলমন্ত্রী জানান, বহু প্রতীক্ষিত এই মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে সময় চাওয়া হয়েছে। তিনি সময় দিলেই দিনক্ষণ চূড়ান্ত হবে। 

Advertisement

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘রেলমন্ত্রীকে অনুরোধ করব, আপনি প্রধানমন্ত্রীর কাছ থেকে তারিখ নিয়ে আমাদের মেট্রো কানেক্টিভিটি, যা সম্পূর্ণ হয়ে গিয়েছে, তার উদ্বোধন করে দিন। প্রধানমন্ত্রীর পরামর্শে এ বছর ১৭ থেকে ২৩ ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল হতে চলেছে। আগামী বছর ৮ ও ৯ জানুয়ারি কলকাতায় প্রবাসী ভারতীয়দের সম্মেলন হবে। তাছাড়া ২৭ জানুয়ারি থেকে পালিত হবে ওয়ার্ল্ড এনার্জি উইক। এই তিন বড়ো অনুষ্ঠানের আগেই মেট্রো উদ্বোধনের জন্য অনুরোধ করছি।’ প্রসঙ্গত,  চিংড়িঘাটায় দীর্ঘদিন কাজ আটকে থাকায় ‘অরেঞ্জ লাইন’-এর এই অংশে পরিষেবা চালু করা যায়নি। রাজ্যে  ‘ডবল ইঞ্জিন’ সরকার আসার পর সেই জট কাটিয়ে কাজ শেষ হয়েছে। ইতিমধ্যে বেলেঘাটা থেকে সেক্টর ফাইভের আইটি সেন্টার স্টেশন পর্যন্ত মেট্রোর ট্রায়াল শুরু হয়েছে। আইটি সেন্টার স্টেশনটি ইস্ট-ওয়েস্ট মেট্রোর সেক্টর ফাইভ স্টেশনের ঠিক পাশেই। ফলে ‘অরেঞ্জ লাইন’-এর এই অংশ চালু হয়ে গেলে যাত্রীরা গ্রিন লাইনের মেট্রো পরিষেবাও নিতে পারবেন। চিংড়িঘাটার জট কাটানোর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান রেলমন্ত্রী। পাশাপাশি, পূর্বতন তৃণমূল সরকারের নেতিবাচক ভূমিকার সমালোচনাও করেন। সাঁতরাগাছির অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, বিধায়ক রুদ্রনীল ঘোষসহ রেলের পদস্থ আধিকারিকরা। প্রসঙ্গত, ৪ নভেম্বর থেকে সাঁতরাগাছি থেকে নয়া ট্রেনটির প্রথম বাণিজ্যিক দৌড় শুরু হবে।