জমি দখল করে বাংলাদেশিদের আশ্রয়, ধৃত প্রাক্তন কাউন্সিলারের ভাই
  • ২৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বেআইনিভাবে জমি দখল থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের আশ্রয় সহ একাধিক অভিযোগে বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলার আজিজুল হোসেন মণ্ডল ওরফে কালোকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার একই অভিযোগে আজিজুলের ভাই নাজির হোসেন মণ্ডলকেও গ্রেপ্তার করল বাগুইআটি থানার পুলিশ। শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এফআইআরে অভিযুক্তদের তালিকায় দাদার সঙ্গে ভাইয়েরও নাম ছিল। ধৃতকে জেরা করে জমি সহ অন্যান্য অপরাধের তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ধৃত নাজির যুব তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের বিষয়টি সামনে আসে গত মে মাসে। বিধাননগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে আটঘড়া পূর্বপাড়া এলাকায় এক ব্যক্তির জমি রয়েছে। সেই জমিটি বেদখল হয়ে গিয়েছিল। পালাবদলের পর নিজের জমি উদ্ধার করতে যান মালিক। অভিযোগ, সেখানেই আজিজুল এবং তাঁর ভাই নাজির তাঁকে মারধর করে। তাঁরা দু’জন মিলে ওই জমি দখল করে সেখানে বাংলাদেশিদের আশ্রয় দিয়েছিলেন। অনুপ্রবেশকারীদের থেকে মোটা টাকা নিয়ে সেখানে তাঁদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন বলে অভিযোগ। গত ৩০ মে আজিজুল এবং তাঁর ভাই নাজিরের বিরুদ্ধে বাগুইআটি থানায় এফআইআর করা হয়েছিল।

Advertisement

ওই ঘটনার পর ৩১ মে আজিজুলকে গ্রেপ্তার করে বাগুইআটি থানার পুলিশ। আজিজুল আগে ১২ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রার্থী হিসাবে জয়লাভ করে কাউন্সিলার হয়েছিলেন। পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। গত পুরসভা নির্বাচনে ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হওয়ায় তাঁর পরিবারের এক সদস্যা এই কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে নির্দলে দাঁড়িয়ে জিতেছিলেন। পরে অবশ্য তিনিও তৃণমূলে যোগ দেন। এক পুলিশ আধিকারিক বলেন, নাজির পলাতক ছিলেন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জেরা করার পাশাপাশি একাধিক ঘটনার তদন্ত চলছে।