মায়ামি: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হার। কেরিয়ারে দ্বিতীয়বার কাপ জয়ের স্বপ্নভঙ্গের কষ্টে মাঠেই কান্নায় ভেঙে পড়েছিলেন লায়োনেল মেসি। এরপর আমেরিকা থেকে সোজা চলে যান নিজের ছোটোবেলার শহর রোজারিওতে। সেখানেই গত কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। এই পর্বে পারিবারিক ক্লাবের খেলা দেখতেও মাঠে হাজির ছিলেন বাঁ পায়ের জাদুকর। তবে খুব বেশি সময় নিজেকে মাঠ থেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না এলএমটেন। ১০ দিনের ছুটি কাটিয়ে বৃহস্পতিবারই ইন্তার মায়ামির অনুশীলনে যোগ দেন আর্জেন্তাইন মহাতারকা। এদিন মায়ামি ট্রেনিং গ্রাউন্ডে বেশ চনমনে দেখায় তাঁকে। দীর্ঘদিনের বন্ধু লুইস সুয়ারেজের সঙ্গেই মাঠে পা রাখেন তিনি। এরপর দলের নবাগত ফুটবলার কাসেমিরোর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাঁকে। উল্লেখ্য, ক্লাব ও দেশের জার্সিতে দীর্ঘসময় একে অপরের বিরুদ্ধে খেললেও এই প্রথম জুটি বাঁধতে দেখা যাবে তাঁদের। এরপর পুরোদমেই ট্রেনিং সারলেন মেসি। আগামী শনিবার মেজর লিগ সকারের পরবর্তী ম্যাচে কলোম্বাসের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা উজ্জ্বল।



