নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্টেট কোকোনাট মিশনের রূপরেখা ঠিক করতে বৈঠক ডাকল খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তর। সল্টলেকে বৈঠকটি হতে চলেছে ৭ অক্টোবর, বুধবার। সেখানে কৃষি এবং উদ্যানপালন দপ্তরের মন্ত্রীদের থাকার কথা। বনদপ্তরের আধিকারিকরাও থাকতে পারেন। থাকবেন অন্য একাধিক প্রতিনিধি। প্রকল্প সম্পর্কে কৃষিমন্ত্রীর পরামর্শ নেবে প্রশাসন। এখন রাজ্যে বছরে গড়ে ৪৪ কোটি নারকেল উৎপাদন হয়। নয়া উদ্যোগের মাধ্যমে সংখ্যাটি দুই থেকে তিনগুণ করার লক্ষ্যমাত্রা নিতে চলেছে সরকার। এই বিষয়টি নিয়ে দপ্তরের তরফে জানানো হয়েছে, রাজ্যে নারকেল উৎপাদন বৃদ্ধির উপর একটি বিশেষ প্রকল্প গ্রহণের ভাবনাচিন্তা দীর্ঘদিন ধরেই চলছিল। তাতে কৃষকরা সরাসরি উপকৃত হবেন। তার পাশাপাশি অনেকটাই লাভবান হবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এক্ষেত্রে নারকেলের ছোবড়া, পাতা প্রভৃতি দিয়ে গৃহস্থালির নানারকম অর্থকরী উপকরণ তাঁরা তৈরি করতে পারবেন। তাই এই ব্যাপারে সবার মতামত নিয়ে স্টেট মিশন শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।



