নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের পোর্টিকোয় ভারতীয় মজদুর সংঘ (বিএমএস) অনুমোদিত কর্মী সংগঠন যজ্ঞ করে বিতর্কে জড়িয়েছিল। এবার তাদের এই পদক্ষেপের প্রতিবাদে আসরে নামলেন বিজেপি কর্মীরা। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ কর্মচারী পরিষদ সোমবার দুপুরে ওই কাজকে রীতিমতো ধিক্কার জানিয়ে প্রতিবাদ সভার আয়োজন করে। সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ মাজি জানান, তিনি নিজে আরএসএসের কার্যকর্তা। তবে, কোনো প্রশাসনিক এবং আইনি বিষয়ে যজ্ঞের মতো ধর্মীয় বিষয়কে টেনে আনাকে তাঁরা ধিক্কার জানান। প্রসঙ্গত, রেজিস্ট্রার ও অন্যান্য আধিকারিকদের অপসারণ চেয়ে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শুভবুদ্ধির কামনা করে শুক্রবার পোর্টিকোয় যজ্ঞ করেছিলেন বিএমএস অনুগামীরা। তা নিয়ে অ-বিজেপি সংগঠনগুলি প্রতিবাদ জানিয়েছে। এবার তাতে শামিল হল বিজেপির কর্মী সংগঠনও। রবিবার ছুটির দিনও লিফলেট বিলি করে এর বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা চালিয়েছে তারা।



