Bartaman Logo
২৭ মে, ২০২৬

মোদি-শাহের ব্যাগও কি পরীক্ষা করেন? কমিশনের আধিকারিকদের প্রশ্ন উদ্ধবের

মোদি-শাহের ব্যাগও কি পরীক্ষা করেন? কমিশনের আধিকারিকদের প্রশ্ন উদ্ধবের
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: প্রচারে যাওয়ার পথে উদ্ধব থ্যাকারের ব্যাগ পরীক্ষা করা নিয়ে বিতর্ক তৈরি হল। সোমবার বিকেলে বিদর্ভ অঞ্চলে যাবতমলে প্রচারে গিয়েছিলেন উদ্ধব। তিনি হেলিকপ্টার থেকে নামার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের আধিকারিকরা তাঁর ব্যাগ পরীক্ষা করতে চান। ওই আধিকারিকদের উদ্ধব প্রশ্ন করেন, ওই আধিকারিকরা নরেন্দ্র মোদি, অমিত শাহ বা দেবেন্দ্র ফড়নবিশের  ব্যাগও কি পরীক্ষা করেন? আধিকারিকরা না বলার সঙ্গে সঙ্গে উদ্ধব জানান, বিজেপির শীর্ষ নেতারা প্রচারে এলেও যেন তাঁদের ব্যাগ পরীক্ষা করে সেই ভিডিও উদ্ধবকে পাঠানো হয়। যদিও ওই আধিকারিকরা ব্যাগ পরীক্ষা করে আপত্তিকর কিছু পাননি। 
Advertisement
তবে, বিষয়টি সেখানেই থেমে থাকেনি। মঙ্গলবার এই নিয়ে শিবসেনার দুই গোষ্ঠীর মধ্যে বাগযুদ্ধ শুরু হয়ে যায়। উদ্ধবপন্থী শিবসেনার নেতা সঞ্জয় রাউত দাবি তোলেন, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের ব্যাগ পরীক্ষা করা হয় কি না, তা জানানো হোক। রাউত বলেন, ‘আমাদের ব্যাগ, হেলিকপ্টার, ব্যক্তিগত বিমান, গাড়ি-সব কিছু পরীক্ষা করা হচ্ছে। ওরা আমাদের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে। কিন্তু যদি এটা নিরপেক্ষভাবে করা হতো,  তাহলে কোনও সমস্যা ছিল না। কিন্তু সিন্ধে, ফড়নবিশ ও অজিত পাওয়ার যেখানে লড়াই করছেন, সেখানে ২৫ কোটি টাকা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। তার পাল্টা দেন সিন্ধেপন্থী শিবসেনার মুখপাত্র কৃষ্ণ হেগড়ে। তিনি বলেন, ‘বাজে অভিযোগ করা রাউতের স্বভাব হয়ে গিয়েছে। তিনি দাবি করেন, লোকসভা নির্বাচনে প্রচারের সময় নাসিকে সিন্ধের ব্যাগও পরীক্ষা করা হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, যদি লুকোনোর কিছু না থাকে, তাহলে প্রতিবাদ করছেন কেন? যদিও মঙ্গলবার নির্বাচন কমিশনের একটি সূত্রের খবর, নির্বাচনের সময় দলমত নির্বিশেষে শীর্ষ নেতাদের হেলিকপ্টার ও ব্যক্তিগত বিমানে তল্লাশি চালানো বিধিবদ্ধ প্রক্রিয়া। এর আগেও নির্বাচনের সময় অমিত শাহ ও বিজেপি সভাপতি জে পি নাড্ডার বিমান ও কপ্টার পরীক্ষা করা হয়েছিল।
থ্যাকারেপন্থী শিবসেনার তরফে একটি ভিডিও দলের এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হেলিকপ্টার থেকে নামার পরেই কমিশনের আধিকারিকরা উদ্ধবের ব্যাগ পরীক্ষা করতে চাইছেন। উদ্ধবকে বলতে শোনা যায়, ‘আমি আপনাদের বাধা দেব না, যা ইচ্ছা হয় পরীক্ষা করুন।’ ভিডিওয় দেখা যাচ্ছে, ওই আধিকারিকরা একটি বাদামি ডাফল ব্যাগ ও একটি নীল আইস বক্স নিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছেন।
সম্পর্কিত সংবাদ