Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকের আগে ক্রীড়া, ক্ষোভ 

মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকের আগে ক্রীড়া, ক্ষোভ 
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ আগে রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হচ্ছে। যা নিয়ে অসন্তোষের সৃষ্টি হয়েছে শিক্ষক ও অভিভাবক মহলে। পরীক্ষার্থীদের স্বার্থে ক্রীড়া প্রতিযোগিতাটি পরীক্ষার পরে করার দাবি তুলেছেন রাজ্য তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠন।
Advertisement
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই জেলাস্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ করতে হবে। সেই মতো জানুয়ারির তৃতীয় সপ্তাহে জেলার মাদ্রাসাগুলিতে সেই প্রতিযোগিতা সম্পন্ন হয়ে যায়। এরপরই রাজ্যের মাদ্রাসা শিক্ষাদপ্তর ঘোষণা করে ২৮ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত হুগলির চুঁচুড়ায় রাজ্যস্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে তারা বিজ্ঞপ্তি জারি করে জানায়, ২৮জানুয়ারি নয়, এই প্রতিযোগিতা ৪ফেব্রুয়ারি থেকে শুরু হবে। চলবে ৬ফেব্রুয়ারি পর্যন্ত। এরপরই শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। 
রাজ্য তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সহ সভাপতি তথা বীরভূম জেলা সভাপতি মহম্মদ ফজলে মৌলা খান বলেন, দীঘা থেকে দার্জিলিং রাজ্যের ৬১৪টি মাদ্রাসা, পাঁচশোর বেশি এমএসকে ও কয়েক হাজার এসএসকের ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশ নেবে। যারা দূরবর্তী জেলার বাসিন্দা, তাদের একদিন আগেই ঩বাড়ি থেকে হুগলির উদ্দেশে বেরতে হবে। এদিকে ১০ফেব্রুয়ারি থেকে হাইমাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শুরু হলে কীভাবে তারা রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে। ছেলেমেয়েদের শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার বিষয়টি আছে। তিনি আরও বলেন, অবিলম্বে ক্রীড়া প্রতিযোগিতার দিন পরিবর্তন করতে হবে। না হলে মাইনোরিটি অ্যাফিয়ার্সের সচিব পিবি সেলিমকে সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হবে। প্রয়োজনে বিষয়টি আমরা নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনব। ক্রীড়া প্রতিযোগিতার দিন পরিবর্তন করে পরীক্ষার শেষে না করা হলে অনেকে ছেলেমেয়েকে বঞ্চিত হতে হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ