নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা বিবেক দেবরায় প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। শুক্রবার সকাল সাতটা নাগাদ দিল্লির এইমসে পদ্মশ্রী প্রাপক এই অর্থনীতিবিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিছুদিন আগেই এক নিবন্ধে দেশের সংবিধান বদল প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী মোদি। দেবরায়কে ‘মহান শিক্ষাবিদ’ বলে উল্লেখ করে শোকবার্তায় বলেন, ‘তাঁর (বিবেক দেবরায়) বহুমুখী প্রতিভা ছিল। অর্থনীতি তো বটেই, তার সঙ্গে ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, আধ্যাত্মিকতা সহ অনেক বিষয়েই তাঁর জ্ঞান ছিল। কলকাতার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে স্কুলের পড়াশোনা শেষে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। পরবর্তীকালে দিল্লি স্কুল অব ইকনমিক্স এবং কেমব্রিজের ট্রিনিটি কলেজে উচ্চশিক্ষা লাভ করেন।
Advertisement
দেশের অন্যতম প্রধান এই অর্থনীতিবিদ পরে প্রেসিডেন্সি কলেজ, পুনের গোখেল ইনস্টিটিউট অব পলিটিকস অ্যান্ড ইকনমিক্স এবং দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফরেন ট্রেডে শিক্ষকতা করেছেন। এছাড়া অর্থমন্ত্রকের একটি প্রজেক্টে ডিরেক্টরের দায়িত্বও সামলেছেন। দেবরায়ের মৃত্যুতে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও শোকজ্ঞাপন করেছেন।



