Bartaman Logo
২৭ মে, ২০২৬

মোদির ঘোষণা মতো এবছর যক্ষ্মামুক্ত হবে ভারত? জল্পনা

মোদির ঘোষণা মতো এবছর যক্ষ্মামুক্ত হবে ভারত? জল্পনা
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রোপাগান্ডা ও চমক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এটাই ইউএসপি। আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্ব থেকে যক্ষ্মা বা টিবি নির্মূল করার লক্ষ্য নিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। কিন্তু মোদির টার্গেট ২০২৫। তার মধ্যেই ভারতকে যক্ষ্মামুক্ত ঘোষণা করা। যদিও সময়ের মধ্যে লক্ষ্য পূরণ নিয়ে সংশয়ে খোদ স্বাস্থ্যমন্ত্রকের কর্তাদের একাংশ। সূত্রের খবর, প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানে আরও জোর দিতে চলেছে কেন্দ্র। নজর দেওয়া হচ্ছে জনসচেতনতা বৃদ্ধির উপরে। রোগ না গোপন করার আবেদন করা হচ্ছে। সরকারি রিপোর্ট বলছে, স্রেফ রোগ গোপন বা চিকিৎসা এড়িয়ে যাওয়ায় বছর বছর বেড়েছে যক্ষ্মা রোগীর সংখ্যা।
Advertisement
২০১৮ সালে নরেন্দ্র মোদি ঘোষণা করেন ২০২৫ সালের মধ্যে দেশ থেকে যক্ষ্মা নির্মূল হবে। স্লোগান তোলা হয়, ‘টিবি হারেগা, দেশ জিতেগা।’ কিন্তু গত চার বছরের হিসেব দেখে আশ্বস্ত হতে পারছে না ওয়াকিবহাল মহল। সরকারি রিপোর্ট বলছে, ২০২০ সালে দেশে যক্ষ্মা রোগীর সংখ্যা ছিল ১৮ লক্ষ ৫ হাজার ৬৭০। সদ্য সমাপ্ত ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে  দাঁড়িয়েছে ২৫ লক্ষ ৬৩ হাজার ৮৬৫। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে যক্ষ্মা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি (৬ লক্ষ ৬৯ হাজার ৮৪৯)। সবচেয়ে কম লাক্ষাদ্বীপে (মাত্র ৮ জন)। পশ্চিমবঙ্গে যক্ষ্মা রোগীর সংখ্যা ৯৭ হাজার ৪১৩। বিশ্বকে চমকে দিতে চলতি বছরের মধ্যে যক্ষ্মা নির্মূলকরণ কেন্দ্রের সামনে চ্যালেঞ্জ হয়েই দাঁড়াচ্ছে।
সম্পর্কিত সংবাদ