Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ময়দানের পুরনো স্বাদেই এবার খোলা আকাশের নীচে বইমেলা

ময়দানের পুরনো স্বাদেই এবার খোলা আকাশের নীচে বইমেলা
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: খোলা আকাশ। তার নীচে সারি দিয়ে থাকবে স্টল। নতুন বইয়ের সুগন্ধ। মেলার ভিড় কাটিয়ে বইপ্রেমী মানুষ হেঁটে ঘুরবেন। সঙ্গে শীতের ঠান্ডা পরশ। চা-কফিতে চুমুক। বৈঠক, আড্ডা, গিটার-গানে তরুণদের উচ্ছ্বাস। ময়দানে যখন বইমেলা হতো তখন এরকম থাকত পরিবেশ। এবার সেই পুরনো স্বাদেই খোলা আকাশের নীচে ফিরছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সায়েন্স সিটির মিলন মেলা থেকে সল্টলেক বইমেলা প্রাঙ্গণের ভিতর যে এসি হ্যাঙ্গার থাকত, এবার তা উঠে যাচ্ছে। অন্যদিকে এবারের বইমেলায় ম্যাসকট হিসেবে দেখা যাবে সরস্বতীর বাহনকে। ধুতি ও শাড়ি পরে মেলা প্রাঙ্গণে থাকবে তারা। বই পড়বে।
Advertisement
২৮ জানুয়ারি সল্টলেকে বইমেলা প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শুরু হতে চলেছে ‘৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা’। বিকেল চারটের সময় উদ্বোধন। এই প্রথম ফোকাল থিম কান্ট্রি হচ্ছে জার্মানি। মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার বইমেলা নিয়ে সাংবাদিক সম্মেলন করে পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। সেখানে কলকাতার জার্মান কনসাল বারবারা ফস, কলকাতার গ্যোটে ইনস্টিটিউটের ডিরেক্টর অ্যাস্ট্রিড ভেগে, পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
ময়দান থেকে বইমেলা সরে যাওয়ার পর সায়েন্স সিটির মিলন মেলায় এসি হ্যাঙ্গার চালু হয়েছিল। সেখানে মূলত ইংরেজি বইয়ের স্টল থাকত। গতবার পর্যন্ত সল্টলেক বইমেলা প্রাঙ্গণেও ওরকম হ্যাঙ্গার দেখা গিয়েছিল। এদিন সাংবাদিক সম্মেলনে গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে বলেন, ‘ময়দানের মতোই এবার খোলা আকাশের নীচে সব বইয়ের স্টল হবে। ইংরেজি প্রকাশনার এসি হ্যাঙ্গার উঠে যাচ্ছে। এতে তাঁদের স্টলের ভাড়াও কম হয়েছে। ফলে তাঁরাও উপকৃত হবেন। পুরনো স্বাদও ফিরবে।’ সাংবাদিক সম্মেলনে ম্যাসকটের আত্মপ্রকাশের পর সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ‘বই মানেই সরস্বতী। তাই বাগদেবীর বাহনকে ম্যাসকট করা হয়েছে।’ -নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ