Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মেদিনীপুর মেডিক্যালে অধ্যক্ষের অফিসের সামনে ধর্নায় পড়ুয়ারা

মেদিনীপুর মেডিক্যালে অধ্যক্ষের অফিসের সামনে ধর্নায় পড়ুয়ারা
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর পর সাত জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। এর প্রতিবাদে অধ্যক্ষের অফিসের সামনে শনিবার গভীর রাত থেকে চিকিৎসক পড়ুয়ারা ধর্নায় বসলেন। মূলত অ্যানাস্থেসিয়া ও গাইনোকোলজি বিভাগের পড়ুয়ারা ধর্নায় বসেছেন। তবে অন্য বিভাগের কিছু পড়ুয়াও এতে অংশ নেন। পড়ুয়াদের দাবি, অবিলম্বে সাতজন চিকিৎসক পড়ুয়ার সাসপেনশন প্রত্যাহার করতে হবে। মেডিক্যালের অধ্যক্ষ মৌসুমী নন্দী বলেন, পড়ুয়ারা ধর্নায় বসেছেন। তাঁদের সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। খুব তাড়াতাড়ি এই ধর্না উঠে যাবে। শনিবার রাত থেকে ধর্না শুরু হওয়ায় মেডিক্যালে আংশিক কর্মবিরতির পরিস্থিতি দেখা দিয়েছে। এতে রোগীর আত্মীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা জানালেন, জুনিয়র চিকিৎসকরা সরকারি পদক্ষেপের বিরোধিতা করতেই পারেন। কিন্তু ধর্না কর্মসূচি তার পদ্ধতি হতে পারে না। এমনিতেই এই মেডিক্যালে চিকিৎসকের অভাব রয়েছে। তার উপর এই কর্মসূচির জেরে রোগীদের হয়রানি হচ্ছে। আন্দোলনরত এক পিজিটি পড়ুয়া বলেন, সাসপেন্ড করার আগে শো-কজও করা হয়নি। এই ঘটনায় আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। সাসপেনশন প্রত্যাহারের দাবি জানিয়ে স্বাস্থ্যবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। সেই দাবি না মানা হলে আমরা বড় আন্দোলনে নামব।
Advertisement
মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যুর পর থেকেই উত্তেজনা রয়েছে। এক প্রসূতি রেখা সাউ এখানেই চিকিৎসাধীন রয়েছেন। আরও তিনজনের চিকিৎসা চলছে কলকাতার পিজি হাসপাতালে। তাঁদের অবস্থা এখনও স্থিতিশীল নয়। রেখা সাউয়ের পরিবার জানিয়েছে, তাঁর ঘনঘন জ্বর আসছে। রবিবার হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা ছিল। কিন্তু তা দেওয়া হয়নি। রেখাদেবীর স্বামী সন্তোষ সাউ বলেন, সন্তানকে হারিয়েছি। স্ত্রীকে কবে বাড়ি নিয়ে যেতে পারব বুঝতে পারছি না। তবে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। হাসপাতাল থেকে ওষুধ দিলে খুবই সুবিধা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ