মুম্বই, ৭ ডিসেম্বর: স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের হুমকি। আজ, শনিবার প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছে মুম্বই পুলিস। এমনকী বোমা বিস্ফোরণের মাধ্যমে মোদির প্রাণনাশ করা হবে এমন হুমকিও দেওয়া হয় সেটিতে। পুলিস সূত্রে খবর, এদিন সকালে মুম্বই ট্র্যাফিক পুলিসের হেল্পলাইনে নম্বরের হোয়াটসঅ্যাপে একটি হুমকি বার্তা আসে। সেখানে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নামও উল্লেখ করা হয়। তদন্ত শুরু করে পুলিস জানতে পেরেছে, যে নম্বর থেকে মেসেজটি এসেছিল তা রাজস্থানের আজমিরের। ইতিমধ্যেই মুম্বই পুলিসের এক বিশেষ দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনাও দিয়েছে। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারাও মামলাও দায়ের করা হয়েছে। এই বিষয়ে পুলিস বিস্তারিত আর কোনও তথ্য প্রকাশ করেনি। তবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বা মত্ত অবস্থায় এই বার্তা পাঠিয়েছে। উল্লেখ্য, এর আগে ২৭ নভেম্বর প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে ফোন এসেছিল মুম্বই পুলিসের কন্ট্রোল রুমে।



