ভোপাল: বিজেপি শাসিত মধ্যপ্রদেশে নারকীয় ঘটনা। জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে এক দলিত যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল গ্রাম প্রধান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। মৃতের নাম নারদ জাটভ (২৮)। মধ্যপ্রদেশের শিবপুরী জেলার ইন্দ্রগড় গ্রামের ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। সেখানে গ্রাম প্রধান পদম সিং ধাকড় ও তাঁর পরিবারের সদস্যদের নারদকে ধাক্কা মেরে মাটিতে ফেলে মারধর করতে দেখা গিয়েছে।
Advertisement
গোয়ালিয়রের বাসিন্দা নারদ ইন্দ্রগড়ে মামাবাড়ি এসেছিলেন। মঙ্গলবার তিনি জমিতে জল দিচ্ছিলেন। সেখানে পৌঁছন গ্রাম প্রধান ও তাঁর পরিবারের লোকজন। অভিযোগ, হঠাৎ ওই দলিত যুবককে গালিগালাজ করতে শুরু করেন অভিযুক্ত পদম ও বাকিরা। তাঁকে মাটিতে ফেলে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে নারদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।



