Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি বদল ঘিরে বিতর্ক

মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি বদল ঘিরে বিতর্ক
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: মাধ্যমিক শিক্ষক সংগঠনের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি পদে রদবদলকে কেন্দ্র করে ক্ষোভ তৃণমূলের অন্দরে। ৯ মাস আগে তৃণমূলের শাখা সংগঠন মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি পদে নিয়োগ করা হয়েছিল সুব্রত সাহাকে। এবার তাঁর জায়গায় ভাস্কর দত্তকে নতুন সভাপতি করায় ক্ষোভ উগরে দিয়েছেন সদ্য প্রাক্তন। 
Advertisement
মঙ্গলবার রাতে রাজ্য থেকে বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করা হয় সংগঠনের নতুন জেলা সভাপতি হচ্ছেন ভাস্কর দত্ত। তিনি দারিমানপুর বিএসসি হাইস্কুলের শিক্ষক। রদবদলের পিছনে দলীয় রসায়ন এবং জেলার প্রভাবশালী নেতা, মন্ত্রীদের সায় রয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। 
তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল মনে করছেন, সুব্রতবাবু তাঁর সময়সীমার মধ্যে যথেষ্ট ভালো কাজ করেছেন। তবে শেষের দিকে তাঁর পারিবারিক কিছু সমস্যার জন্য ব্যক্তিগত জীবনে ব্যস্ত ছিলেন। তেমন ক্ষোভের আঁচ আমরা পাইনি। 
বুধবার প্রাক্তন সভাপতি সুব্রত বলেন, ৯ মাস আগে দায়িত্ব পেয়েছিলাম। এত অল্প সময়ে সাংগঠনিকভাবে কাজের তেমন সুযোগ পাইনি। সভাপতি পদ পেলেও সংগঠনের তরফে জেলা ও ব্লক কমিটি তৈরি করা যায়নি। এ ব্যাপারে কোনও নির্দেশিকাও দেওয়া হয়নি রাজ্য থেকে। এই রদবদলে হতাশ এবং ক্ষুব্ধ।
নতুন সভাপতি ভাস্কর দত্তর কথায়, আমাদের অনেক কাজ করতে হবে।  ছাত্র-শিক্ষক অনুপাত যাতে ঠিক থাকে, সেদিকে নজর থাকবে। দল আমার উপর ভরসা রেখেছে, মর্যাদা রক্ষার চেষ্টা করব। প্রাক্তন সভাপতির ক্ষোভ প্রসঙ্গে তাঁর বক্তব্য, এ ধরনের সিদ্ধান্ত রাজ্য থেকে হয়। সুব্রতবাবু ভালো কাজ করেন। আমিও তাঁর সঙ্গে কাজ করেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ