Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাধ্যমিক পরীক্ষার্থীরা উত্তরপত্রে লিখছে না প্রশ্নের বুকলেট নম্বর

মাধ্যমিক পরীক্ষার্থীরা উত্তরপত্রে লিখছে না প্রশ্নের বুকলেট নম্বর
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি মিশন হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষার বুকলেট নম্বর না লেখায় বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে শোরগোল পড়েছে আলিপুরদুয়ার জেলাজুড়ে। যার ফলে সমস্যার মধ্যে পড়তে হতে পারে পরীক্ষার্থীদের। এমনটাই আশঙ্কা করা হচ্ছে। যদিও পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্তারা জানিয়েছেন, পরীক্ষার্থীরা যেন সমস্যায় না পড়ে, সেই বিষয়টি দেখা হচ্ছে। 
Advertisement
সোমবার কামাখ্যাগুড়ি মিশন হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষা পরিদর্শনে আসেন মাধ্যমিক পরীক্ষার জেলার জয়েন্ট কনভেনর শৌভিক দে সরকার, ডিস্ট্রিক্ট নোডাল অ্যাডভাইসরি কমিটির সদস্য ভাস্কর মজুমদার সহ অন্যরা। পরীক্ষা শেষে তাঁরা দেখেন, পরীক্ষার্থীদের উত্তরপত্রে প্রশ্নের বুকলেট নম্বর উল্লেখ করা হয়নি। মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী, পরীক্ষার্থীর উত্তরপত্রে প্রশ্নের বুকলেট নম্বর উল্লেখ্য করা বাধ্যতামূলক। যদি এটা না করা হয়, তাহলে আরএ হওয়ার সম্ভাবনা থাকে। এতে সমস্যার মধ্যে পড়তে হতে পারে পরীক্ষার্থীদের। এছাড়াও ইংরেজি পরীক্ষার দিন প্রশ্নপত্র পরীক্ষা হলে না খুলে ভেনু সুপারভাইজারের রুমে খোলা হয়েছিল বলে পরিদর্শনকারী দলের সদস্যরা জানতে পারেন। এসব বিষয় নিয়ে স্বাভাবিক ভাবেই বিতর্কের সৃষ্টি হয়েছে। গোটা ঘটনার রিপোর্ট মধ্যশিক্ষা পর্ষদের পাঠানো হয়েছে। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন পরীক্ষার দায়িত্বে থাকা কর্তারা। 
এদিকে, প্রশ্নের বুকলেট নম্বর উল্লেখ না করার বিষয়ে ভেনু সুপারভাইজারের ঘোষণাপত্র চাওয়া হলে দেখা যায়, যিনি খাতায় কলমে ভেনু সুপারভাইজার রয়েছেন, তিনি নেই। অন্য একজন শিক্ষক ভেনু সুপারভাইজারের দায়িত্বে রয়েছেন। কামাখ্যাগুড়ি মিশন হাইস্কুলের প্রধান শিক্ষক বলেন মোচারি। নিয়ম অনুযায়ী, তিনি কামাখ্যাগুড়ি মিশন হাইস্কুল ভেনুর ভেনু সুপারভাইজার। কিন্তু সোমবার পরিদর্শনকারী দলের সদস্যরা জানতে পারেন, ভেনু সুপারভাইজার হিসেবে দায়িত্বে রয়েছেন স্কুলের সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ। বিষয়টি নিয়ে ভেনু সুপারভাইজার মোস্তাক আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি। ডিস্ট্রিক্ট নোডাল অ্যাডভাইসরি কমিটির সদস্য ভাস্কর মজুমদার বলেন, আমরা চেষ্টা করছি, এই ঘটনার কোনও প্রভাব যেন পরীক্ষার্থীদের উপর না পড়ে। মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ভেনু ও সেন্টারের কর্তাদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সেখানে এই বিষয়ে আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা চলছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ