Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মধ্যমগ্রাম পুরসভায় সৌরবিদ্যুৎ উদ্যোগী নগরোন্নয়ন দপ্তর

মধ্যমগ্রাম পুরসভায় সৌরবিদ্যুৎ উদ্যোগী নগরোন্নয়ন দপ্তর
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: কোনও মাসে বিদ্যুতের বিল ৩০ লক্ষ। কখনও বিল কোটি টাকা ছোঁয়। বিদ্যুতের খরচ সামলাতে হিমশিম অবস্থা হয় বহু পুরসভার। সে খরচে লাগাম টানতে সৌরশক্তি চালিত বিদ্যুৎ প্রকল্পের কাজে গতি আনতে চাইছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। এর জন্য রাজ্যের চারটি পুরসভা ও একটি কর্পোরেশনকে নিয়ে একটি পাইলট প্রজেক্ট করতে চলেছে তারা। তালিকায় আছে বাঁকুড়া, মধ্যমগ্রাম, রাজপুর-সোনারপুর ও উত্তরপাড়া-কোতরং পুরসভা। এছাড়া শিলিগুড়ি কর্পোরেশনও রয়েছে। পুর দপ্তরের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা মধ্যমগ্রাম পুরসভায় এ সংক্রান্ত বৈঠক করেন। সৌর প্যানেল কোথায় কোথায় বসবে তার প্রস্তাবও পুরসভার পক্ষ থেকে পাঠানো হয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তরে। জানা গিয়েছে, প্রতি মাসে বিদ্যুতের বিলের জন্য মোটা টাকা খরচ করতে হয় মধ্যমগ্রাম পুরসভাকে। মাসে ৮০ থেকে ৯০ লক্ষ টাকা দিতে হয় তাদের। এদিকে নজর রেখে বিদ্যুতের খরচ কমাতে উদ্যোগী নগরোন্নয়ন দপ্তর। সূর্যরশ্মি থেকে বিকল্প উপায়ে বিদ্যুৎ উৎপাদন করতে চাইছে রাজ্য সরকার। ফলে বিদ্যুতের লাগামছাড়া খরচ যেমন একদিকে সামাল দিতে পারবে পুরসভা এবং কর্পোরেশনগুলি, তেমনই সোলার প্যানেলের মাধ্যমে বিকল্প উপায়ে বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভর হতে পারবে পুরসভা। মাস দেড়েক আগে দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের এক প্রতিনিধি দল মধ্যমগ্রাম পুরসভায় এসে চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে, মধ্যমগ্রাম পুরসভার অফিস ভবন, পানিহারা জল প্রকল্প, পুরসভা পরিচালিত মাতৃসদন হাসপাতাল ও চারটি প্রাইমারি হেলথ সেন্টারে সৌরশক্তি চালিত বিদ্যুৎ প্রকল্পের প্যানেল বসানো হবে। জায়গা দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা পরিদর্শন করেছেন। মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেন, বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় খরচের পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে। তাই বিকল্প হিসেবে সৌরশক্তিকেই কাজে লাগাতে তত্পর হয়েছে নগরোন্নয়ন দপ্তর। দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ