Bartaman Logo
২৭ মে, ২০২৬

মেধাবীদের টানতে বেনজির বেতনের প্রস্তাব রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির

মেধাবীদের টানতে বেনজির বেতনের প্রস্তাব রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারত সরকারের সর্বোচ্চ আধিকারিকের পদের নাম ক্যাবিনেট সচিব। যেটি পূর্ণমন্ত্রীর পদমর্যাদার সমতুল। সরকারি চাকরির সর্বোচ্চ এই পদে কর্মরত আইএএস অফিসারের বেতন মাসে আড়াই লক্ষ টাকা। ৩৭ বছর চাকরি করার পর আধিকারিকরা এই পদে পৌঁছতে পারেন। আর তারপর অর্জন করেন এই পদমর্যাদা এবং বেতন। এবার সরকারি চাকরিতে প্রবেশ করার প্রথম মাসেই সেই একই বেতন পেতে পাবেন নতুন কোনও আধিকারিক। কীভাবে?
Advertisement
রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে আরও আধুনিক করে তুলতে আইআইটি, আইআইএম-এর মতো নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম দিকেই ক্যাম্পাসিং করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। চাকরির ক্ষেত্রে যোগ্যতম প্রার্থী বাছাইয়ে দেশি-বিদেশি কর্পোরেট সংস্থাগুলির সঙ্গে লড়াই করবে ওএনজিসি, ইউআইডিএআই, এইচপিসিএল, বিপিসিএল, গেইল, এনপিসিএল-এর মতো সংস্থাগুলি। নামকরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা মেধাবীদের কর্পোরেট সংস্থাগুলি যে স্তরের প্রাথমিক গড় বেতন অফার করে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি তা দিতে তৈরি। এমনকী ৩০ লক্ষ টাকা বার্ষিক বেতনের অফার হাতে নিয়েও নতুন আধিকারিক নিয়োগ করবে তারা। এছাড়া রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বড় অস্ত্র হতে চলেছে পেনশন এবং চাকরির নিরাপত্তা। উল্লেখ্য, এতদিন একেবারে শেষ পর্যায়ে কলেজগুলিতে ক্যাম্পাসিং করত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি।
রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে ইতিমধ্যে শুরু হয়েছে ঢালাও ল্যাটারাল নিয়োগ। যার মাধ্যমে কর্পোরেটে চাকরিরত কিংবা অবসরপ্রাপ্তদের বসানো হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থার ডিরেক্টর অথবা চেয়ারম্যান কিংবা যুগ্ম সচিবের মতো বিভিন্ন পদে। তার সঙ্গে যুক্ত হল নতুন এই পদক্ষেপ। এর ফলে সরকারি সংস্থাগুলি আরও আধুনিক ও লাভজনক হয়ে উঠবে বলে সরকারে দাবি। 
জওহরলাল নেহরু ছিলেন রাষ্ট্রায়ত্ত সংস্থা নির্মাণের প্রধান রূপকার। মোদি সরকারের প্রধানমন্ত্রী সহ প্রায় সকলেই নেহরুর নীতিকে ‘ফ্লপ’ আখ্যা দিয়ে থাকেন। কিন্তু সেই ‘নেহরু মডেলের’ রাষ্ট্রায়ত্ত সংস্থাকেই এখন আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্রত নিয়েছে মোদি সরকার। 
সম্পর্কিত সংবাদ