Bartaman Logo
২৭ মে, ২০২৬

মোদি সরকারের ভরসা বাজপেয়িই

মোদি সরকারের ভরসা বাজপেয়িই
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নরেন্দ্র মোদি নন! বরং সরকারি কর্মসূচির উদ্বোধনে কেন্দ্রের মোদি সরকারের ভরসা সেই অটলবিহারী বাজপেয়ির জমানা। বুধবার দিল্লির পুসায় ১০ হাজার বহুমুখী কৃষি ঋণদান সমিতি (পিএসিএস), দুগ্ধ এবং মৎস্য সমবায়ের উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং কো-অপারেশন মন্ত্রী অমিত শাহ বলেন, ‘সরকারে থেকে হোক বা বিপক্ষের ভূমিকায়—একটানা পাঁচ দশক সবাইকে দিশা দেখিয়েছিলেন বাজপেয়ি। গ্রামের সঙ্গে শহর জুড়েছিলেন। আয় বৃদ্ধির পথ দেখিয়েছিলেন। সেইমতোই যাবতীয় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’
Advertisement
সম্প্রতি লোকসভায় পেশ হয়েছে ‘এক দেশ, এক ভোট’ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল। বিরোধীদের চাপে পরে তা পাঠানো হয় যৌথ সংসদীয় কমিটিতে। এদিন ইঙ্গিতপূর্ণভাবে বাজপেয়ি জমানায় সংবিধান সংশোধনের প্রসঙ্গটি টেনে এনেছেন শাহ। দাবি করেন, অটলজির আমলের ৯৭তম সংবিধান সংশোধনের মাধ্যমে দেশের সমবায় ক্ষেত্র পুনরুজ্জীবিত হয়েছে। অনেকের মতে, এর মাধ্যমে শাহ আদতে বোঝাতে চেয়েছেন উন্নয়নের লক্ষ্যে সংবিধান সংশোধন জরুরি। কেন্দ্রীয় কো-অপারেশন মন্ত্রক আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী আরও জানিয়েছেন, মোদি সরকারের অন্যতম প্রধান লক্ষ্য গ্রামাঞ্চলে আয়ের পথ বৃদ্ধি করা। আর সেই লক্ষ্যে পিএসিএস, ডেয়ারি, ফিশারিজের মতো বিষয়ে উৎসাহ দেওয়া হচ্ছে। আগামী পাঁচ বছরে দু’লক্ষ পিএসিএস গঠনের লক্ষ্য নিয়েছে সরকার। মন্ত্রক সূত্রে খবর, নিষ্ক্রিয় পিএসিএসকে সক্রিয় করে দেশের প্রায় ১৫ হাজার গ্রামে রোজগারের পথ সহজ করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ