নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুচিপাড়া এলাকায় এক পুলিসকর্মীকে নিগ্রহের অভিযোগে শুক্রবার রাতে এক যুবককে গ্রেপ্তার করা হয়। শনিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে মুচিপাড়া থানা এলাকায় ধৃত ওই যুবক এদিক‑সেদিক ঘোরাঘুরি করছিলেন। তখন টহলরত এক পুলিস কনস্টেবল যুবককে প্রশ্ন করেন, কেন রাতে তিনি এলাকায় ঘোরাঘুরি করছেন। অভিযোগ, এনিয়ে কথোপকথনের মধ্যেই আচমকা যুবকটি কর্তব্যরত পুলিস কনস্টেবলের উপর চড়াও হন। তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ। এরপরই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে মুচিপাড়া থানার পুলিস। এদিন ধৃতের তরফে জামিনের আর্জি খারিজ করে দেন বিচারক।



