নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গয়না তৈরির নামে সাড়ে ২২ লক্ষ টাকার সোনা নিয়ে চম্পট দিয়েছিল দোকানের কর্মচারী। দোকানের মালিক মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিস তদন্তে নেমে অভিযুক্ত কর্মচারীকে গ্রেপ্তার করে। বুধবার মামলাটি ওঠে ব্যাঙ্কশাল আদালতে। সেখানে সরকারি কৌঁসুলি জানান, এই মামলায় তদন্ত চালিয়ে পুলিস ইতিমধ্যে প্রায় ১০ লক্ষেরও বেশি টাকার সোনা উদ্ধার হয়েছে। বাদবাকি চোরাই সোনা উদ্ধারের চেষ্টা চলছে। পুলিস জানায়, সোনা চুরির পর অভিযুক্ত কর্মচারী পালিয়ে বেড়াচ্ছিল। মোবাইল ফোনের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করে পুলিস। বাকি সোনা অভিযুক্ত কোথাও লুকিয়ে রেখেছে, না কি কাউকে বিক্রি করে দিয়েছে, পুলিস তা খতিয়ে দেখছে।



